টাইপ-১ ডায়াবেটিস রোগীদের জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে সাম্প্রতিক চিকিৎসা বিজ্ঞান। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই ইনসুলিনের ওপর নির্ভরতা এবং খরচ—উভয়ই উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।
গবেষণার তথ্যমতে, ‘লো-ফ্যাট’ বা কম চর্বিযুক্ত ভেগান ডায়েট (নিরামিষ ভোজী) অনুসরণ করলে রোগীদের প্রতিদিনের ইনসুলিনের চাহিদা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
গবেষণার ফলাফল
বিজ্ঞানীরা এই গবেষণায় দুটি দলের মধ্যে তুলনা করেছেন। একদল সাধারণ নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস মেনে চলেছেন এবং অন্যদল কঠোরভাবে কম চর্বিযুক্ত ভেগান ডায়েট অনুসরণ করেছেন। ফলাফলে দেখা গেছে:
যারা সাধারণ ডায়েট মেনে চলেছেন, তাদের ইনসুলিন চাহিদায় তেমন কোনো পরিবর্তন আসেনি।
অন্যদিকে, যারা লো-ফ্যাট ভেগান ডায়েট গ্রহণ করেছেন, তাদের প্রতিদিনের মোট ইনসুলিনের চাহিদা গড়ে ২৮ শতাংশ বা ১২.১ ইউনিট কমেছে।
কেন এই পরিবর্তন?
ইনসুলিন এমন একটি হরমোন যা রক্তপ্রবাহ থেকে গ্লুকোজ সরিয়ে পেশি ও লিভারের কোষে পৌঁছে দেয় এবং শক্তি উৎপাদন করে। টাইপ-১ ডায়াবেটিস রোগীদের শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না বলে তাদের নিয়মিত ইনজেকশন নিতে হয়। কিন্তু কম চর্বিযুক্ত উদ্ভিজ্জ খাবার বা ভেগান ডায়েট শরীরের ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে, ফলে কম ইনসুলিনেই শরীর কার্যকরভাবে কাজ করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা ডায়াবেটিস ব্যবস্থাপনায় খাদ্যাভ্যাসের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে এবং রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসায় স্বস্তি দিতে পারে।