পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে ‘অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম’ (দপ্তর ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব) বিষয়ক দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শামীম চাকরি ও দায়িত্ববোধের মধ্যকার সূক্ষ্ম পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, চাকরি হলো কেবল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিসে সময় দেওয়া। কিন্তু দায়িত্ব হলো চাকরির বাইরে গিয়ে প্রতিষ্ঠানকে নিজের মনে করা এবং কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা। তিনি কর্মকর্তাদের পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করার আগে প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করার পরামর্শ দেন, যাতে কম সময়ে ও কম ব্যয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করা যায়। নিজের নির্ধারিত কাজ করার পাশাপাশি সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ করতে এবং নিজের অর্জিত জ্ঞান অন্যদের সাথে শেয়ার করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া কাজে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ইতিবাচক মনোভাব বজায় রাখা, সময়ানুবর্তী হওয়া এবং অফিসের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার ওপরও তিনি বিশেষ জোর দেন। উপাচার্য মনে করিয়ে দেন যে, এই প্রশিক্ষণের জ্ঞান শুধু ব্যক্তি নয়, বরং দেশ ও জাতির উপকারে আসবে। তাই নতুন বিষয় জানার প্রতি আগ্রহ এবং শেখার মানসিকতা ধরে রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, প্রশিক্ষণের পুরো সময়টা মনোযোগ দিয়ে থাকতে হবে এবং শেখার প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মূল্যায়নের ব্যবস্থা থাকা জরুরি এবং সবাইকে সময়ানুবর্তী হতে হবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান তার বক্তব্যে সঠিক সময়ে অফিসে আসা এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অফিসে অবস্থান করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, কর্মক্ষেত্রে ভালো কিছু অর্জন করতে হলে আগে উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক করা অপরিহার্য।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর ফ্যাকাল্টি মেম্বার মো. আব্দুল আজিজ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।