রাজধানীর বাজারে চাল ও কয়েক ধরনের শীতকালীন সবজির দাম বেড়েছে। নতুন সবজি বাজারে উঠতে শুরু করলেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর খিলক্ষেত, আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
চাল ব্যবসায়ীরা বলছেন, পুরোনো নাজিরশাইল চালের মজুত প্রায় শেষ হয়ে আসায় মিল পর্যায়ে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের মাঝামাঝি আমন ধান বাজারে আসতে শুরু করলে চালের দাম কমতে পারে বলে আশা করছেন তারা।
অন্যদিকে, বৃষ্টি ও পরিবহণ সমস্যার কারণে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় সবজির সরবরাহ কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সরবরাহ স্বাভাবিক হলে শীতকালীন সবজির দাম কমতে পারে। বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি ও বিক্রি কমেছে বলেও জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
বাজার বিশ্লেষকদের মতে, বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে থাকেন। এ প্রবণতা ঠেকাতে পাইকারি ও খুচরা বাজারের দামের পার্থক্য নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি মিলগেটের দাম প্রকাশ এবং অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করতে হবে।
নাজিরশাইল ও মিনিকেটের দাম বেড়েছে
বাজারে সবচেয়ে বেশি বেড়েছে নাজিরশাইল চালের দাম। গত ১৫ থেকে ২০ দিনে প্রতি কেজিতে এ চালের দাম ৩ থেকে ৪ টাকা বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। দুই সপ্তাহ আগেও এর দাম কেজিপ্রতি প্রায় ৮৫ টাকার আশপাশে ছিল।
সরু জাতের মিনিকেট এবং মাঝারি মানের পায়জাম ও ব্রি-২৮-২৯ চালের দামও বেড়েছে। গত দুই সপ্তাহে মিনিকেটের দাম কেজিতে প্রায় ২ টাকা বেড়ে বর্তমানে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের চাল কিনতে প্রতি কেজিতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা।
তবে মোটা জাতের গুটি স্বর্ণা ও চায়না ইরি চালের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। এসব চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৫৪ টাকায়।
কারওয়ান বাজারের এক খুচরা চাল বিক্রেতা রহমান জানান, ধানের মজুত প্রায় শেষ পর্যায়ে। এ কারণে পাইকারি বাজারে ২৫ কেজির নাজিরশাইল চালের বস্তায় ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
তার ভাষ্য, নভেম্বরের শেষ দিকে আমন ধান সংগ্রহ শুরু হবে। নতুন চাল বাজারে এলে দাম কমতে পারে।
তবে নাজিরশাইলের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বাড়ার কথা জানালেও মিনিকেটের মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে পারেননি ব্যবসায়ীরা। তাদের কেউ কেউ মনে করছেন, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগ নিয়ে চালকল মালিকেরা মিনিকেটের দামও বাড়িয়েছেন।
এদিকে, পোলাও চালের দাম কিছুটা কমেছে। বর্তমানে খোলা পোলাও চালের কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। দুই মাস আগে একই চালের দাম কেজিপ্রতি ২০০ টাকার বেশি ছিল। অন্যদিকে, প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকায়।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি। গমসহ সব ধরনের খাদ্যশস্যের মোট মজুত দাঁড়িয়েছে প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার ৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ফুলকপি, শিম ও বেগুনের দাম বেড়েছে
সারাদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং দেশের বিভিন্ন এলাকার রাজনৈতিক পরিস্থিতির কারণে ঢাকার বাজারে সবজির সরবরাহ কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর প্রভাবে কয়েক ধরনের সবজির দাম বেড়েছে।
বর্তমানে আকারভেদে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকায়। দুই দিন আগেও একই ফুলকপি পাওয়া যেত ২৫ থেকে ৩৫ টাকায়।
শিমের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা। বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। পটোল ও ঢ্যাঁড়শের দামও কেজিতে ১০ টাকা করে বেড়েছে। বর্তমানে এ দুটি সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১১০ থেকে ১২০ টাকায়। পুরোনো আলুর দাম ২৫ থেকে ৩০ টাকা। অন্যান্য সবজির দাম মোটামুটি আগের অবস্থায় রয়েছে।
খিলক্ষেতে ভাসমান সবজি বিক্রেতা শামীম জানান, কয়েক ধরনের সবজির পাঁচ কেজির পাল্লায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। বেশি দামে সবজি কেনার পর বিক্রি না হলে লোকসানে পড়তে হবে বলেও জানান তিনি।
কারওয়ান বাজারের এক পাইকারি সবজি বিক্রেতার দাবি, বৃষ্টির পাশাপাশি বিভিন্ন স্থানে দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজি পরিবহণকারী ট্রাকের সংখ্যা কমেছে। সরবরাহ কমে গেলে স্বাভাবিকভাবেই বাজারে দাম বাড়ে।
এদিকে, গত সপ্তাহের তুলনায় ডিম ও মুরগির বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩১০ টাকায়।
চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই: ক্যাব
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন মনে করেন, বর্তমান পরিস্থিতিতে চালের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই।
তিনি বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে নানা অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন। মূলত করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে বাজার চলে যাওয়ায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।
এসএম নাজের হোসাইনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো পণ্যের দাম বাড়ালেও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।