‘স্মার্ট ভূমি সেবা, আধুনিক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদর উপজেলায় চলছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬। উপজেলা ভূমি অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী দিনে একটি বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং ডিজিটাল খতিয়ানের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পরিবর্তন এসেছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও আধুনিক সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানবীর হায়দার। এছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দও আয়োজনে অংশগ্রহণ করেন। আনুষ্ঠানিকতা ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।