লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে ডেকে নিয়ে ১১ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে রিমন নামে এক ওয়ার্ডবয়কে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৫ জুন) সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে শহরের আল-মানার হসপিটালে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
আটককৃত রিমন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকার মো. সেলিমের ছেলে। সে ওই হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিল।
ভুক্তভোগী কিশোরের মা জানান, হাসপাতালের পাশেই তাঁদের বাড়ি। তাঁর ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় প্রায়ই বাইরে ঘুরতে বের হতো এবং মাঝেমধ্যে আল-মানার হাসপাতালে গিয়ে টেলিভিশন দেখত। বৃহস্পতিবার দুপুরে সে নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে হাসপাতালে গেলে অভিযুক্ত ওয়ার্ডবয় রিমন তাকে ফুসলিয়ে ভবনের তৃতীয় তলার একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করে।
নির্যাতনের শিকার কিশোরটি ওই সময় চিৎকার-চেঁচামেচি করলেও কেউ এগিয়ে আসেনি। পরবর্তীতে সে হাসপাতাল থেকে কোনোমতে বের হয়ে তার বন্ধুদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। এরপর রাতে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। ভুক্তভোগীর পরিবার এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত রিমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত জানান, খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা চালিয়ে গত রাতেই অভিযুক্ত ওয়ার্ডবয়কে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আল-মানার হসপিটালের তৃতীয় তলার একটি কক্ষে এই অপরাধ সংঘটিত হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।