শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক / ৩ বার
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬

জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলায় সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই দেশব্যাপী উদ্যােগের অংশ হিসেবে আজ শনিবার (১৩ জুন) দুপুরে নওগাঁতেও আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে নওগাঁ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এ সময় তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর এই ২৫ কোটি বৃক্ষরোপণের দূরদর্শী মহাপরিকল্পনাকে সফল করতে জেলার সর্বস্তরের মানুষকে নিজ নিজ আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি।

এছাড়াও নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মাহমুদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলাজুড়ে সবুজায়ন নিশ্চিত করতে বন বিভাগের মাধ্যমে পরিবেশবান্ধব ও ফলদ-বনজ চারা জনসাধারণের মাঝে বিতরণ ও রোপণ প্রক্রিয়া জোরদার করা হবে।


এ জাতীয় আরো খবর...