বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গেলো রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কুয়ারচালা বারেক মার্কেট এলাকায় একটি পাগলা শিয়াল এলাকার বিভিন্ন বাড়ির ভেতরে প্রবেশ করে লোকজনকে কামড়িয়ে আহত করে। ওই শিয়ালটি এলাকায় এখনো বিচরণ করায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আহতদের মধ্যে হাসান মিয়া, শাওন, বিলকিস বেগম, মোরশেদা বেগম, হালিমা আক্তার, টিপু মিয়াকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এলাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কুয়ারচালা মার্কেট এলাকায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে একটি পাগলা শিয়াল দৌড়ে এসে ওই এলাকার হালিমা আক্তারের ঘরে গিয়ে তাকে প্রথমে কামড়িয়ে আহত করে। পরে পাগলা ওই শিয়ালটি একে একে ওই এলাকার হাসান মিয়া, শাওন, মোরশেদা, বিলকিস, টিপু মিয়াসহ কমপক্ষে ২০ জনকে কামড়িয়ে আহত করে। এ সময় গ্রামের লোকজন ডাকচিৎকার শুরু করলে শিয়ালটি এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে।

এদিকে গ্রামের ভেতর পাগলা শিয়াল ঢুকে এভাবে লোকজনকে কামড়িয়ে আহত করার ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকার বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে একটি পাগলা শিয়াল গ্রামের ভেতর প্রবেশ করে অন্তত ২০ জনকে কামড়িয়ে আহত করেছে। এছাড়া শিয়ালটি গ্রামের ভেতর এখনো দৌড়াদৌড়ি করায় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ শামীম আকতার বলেন, রাতে খবর পেলাম ওই এলাকায় একটি পাগলা শিয়াল কয়েকজনকে কামড়িয়ে আহত করেছে। তাদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: শীর্ষনিউজ


এ জাতীয় আরো খবর...