কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে উত্তেজনার জেরে ভারতের কর্ণাটকের একাধিক প্রেক্ষাগৃহে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত চলচ্চিত্র ‘জননায়গন’-এর প্রদর্শনী।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থে কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটির সব প্রদর্শনী বাতিল করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে থিয়েটারগুলোতে বিজয়ের পোস্টারও সরিয়ে ফেলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির নির্দেশে কর্ণাটককে আগামী ১৫ দিন প্রতিদিন ৩ হাজার ৫০০ কিউসেক পানি তামিলনাড়ুকে ছাড়তে বলা হয়েছে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে কর্ণাটকে কৃষক ও কন্নড়পন্থী বিভিন্ন সংগঠনের মধ্যে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীদের দাবি, কর্ণাটক নিজেই পানির সংকটে রয়েছে। এ অবস্থায় অন্য রাজ্যে পানি ছেড়ে দিলে স্থানীয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। নিরাপত্তাজনিত কারণে বেঙ্গালুরুর একটি প্রেক্ষাগৃহেও ‘জননায়গন’-এর প্রদর্শনী বাতিল করা হয়েছে। সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশেষ করে যেখানে তামিল সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার জানিয়েছেন, কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার আইনি পদক্ষেপ নেবে। অন্যদিকে, তামিলনাড়ুর আইনমন্ত্রী জানিয়েছেন, কাবেরীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে রাজ্য সরকার ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। এদিকে, সিনেমাটির প্রদর্শনী স্থগিত হওয়ার প্রভাব নিয়ে আলোচনা করতে কর্ণাটক ফিল্ম চেম্বার বৈঠক আহ্বান করেছে।
উল্লেখ্য, একাধিকবার মুক্তি পিছিয়ে যাওয়ার পর গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় থালাপতি বিজয়ের বহুল আলোচিত চলচ্চিত্র ‘জননায়গন’।