আসছে পয়লা অক্টোবর ২৮ বছরে পদার্পণ করবে চ্যানেল আই। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ দুটি অনুষ্ঠান নির্মাণ করেছেন। চ্যানেল আইয়ের শুরুর দিনের নানা স্মৃতি, সেই সময়ের উল্লেখযোগ্য অনুষ্ঠান এবং প্রতিষ্ঠাকালীন নানা ঘটনার গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘মেমোরি রিওয়াইন্ড’। পুরোনো দিনের স্মৃতিচারণার পাশাপাশি অনুষ্ঠানে উঠে আসবে চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার নানা উল্লেখযোগ্য অধ্যায়। ‘মেমোরি রিওয়াইন্ড’ প্রচারিত হবে ১ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে। অন্যদিকে, মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্ক এবং ভবিষ্যতের প্রতিযোগিতার সম্ভাবনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ন-মানব’।
মানুষ কি মানুষেরই প্রতিদ্বন্দ্বী, নাকি মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা?
আবার এআইয়ের নিজের প্রতিদ্বন্দ্বী কি এআই নিজেই? এমন সব জটিল ও সময়োপযোগী প্রশ্নকে কেন্দ্র করেই সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ‘ন-মানব’ প্রচার করা হবে ২ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে।