ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে — এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন । রুবাইয়াত হোসেন পরিচালিত ‘ দ্য ডিফিকাল্ট ব্রাইড ‘ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে পুরোপুরি বর্জন করার অভিযোগ তুলেছেন তিনি । গতকাল সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁধন জানান , বিদেশের মাটিতে হামলার শিকার হওয়ার পর ভেনিসে থাকা তাঁর সিনেমার টিম পাশে দাঁড়ানোর বদলে উল্টো তাঁকে বর্জন করেছে । টিমের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন , ‘ হামলার শিকার হওয়ার পর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর আমাকে সাপোর্ট করেছেন , ইতালির সরকার আমাকে সাপোর্ট করেছে । আমাদের দেশের সরকার সাপোর্ট করেছে । কিন্তু আমার যে টিম , তারা আমাকে ডিজওন করেছে । ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে তারা আমাকে তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করেছে । পরবর্তী সময়ে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও আমার যাওয়ার কথা ছিল , তারা আমাকে সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে । ‘ তবে পুরো টিম মুখ ফিরিয়ে নিলেও সহকর্মীদের মধ্যে সুনেরাহ্ , জায়নিন ও জায়নিনের মা তাঁকে এই দুঃসময়ে সহযোগিতা করেছেন বলে জানান বাঁধন । ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহে ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩ তম আসরে । উৎসবে ‘ দ্য ডিফিকাল্ট ব্রাইড ‘ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয় । প্রিমিয়ার শেষে পরিবারের সদস্যদের নিয়ে মেস্ত্রে শহরে ঘুরতে বের হলে হামলার মুখে পড়েন বাঁধন । তাঁর দাবি , ২০২৪ সালের জুলাই – আগস্টের ছাত্র- জনতার আন্দোলনে সক্রিয় থাকার কারণেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রবাসী কিছু কর্মী তাঁর ওপর হামলা চালায় । হামলার শিকার হওয়ার পর টিম পাশে না দাঁড়ালেও আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ সহায়তা পেয়েছেন বলে উল্লেখ করেন বাঁধন । তিনি জানান , ঘটনার দিন রাতেই বাংলাদেশ সরকার ও ইতালির দূতাবাস তাঁর সঙ্গে যোগাযোগ করে । এ ছাড়া উৎসবের পরিচালক , ইতালি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও স্থানীয় পুলিশ তাঁকে ২৪ ঘণ্টা নিরাপত্তা প্রদান করে এবং নিরাপত্তার স্বার্থেই তাঁকে ভেনিস উৎসবের লিডোতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় । বিদেশের মাটিতে এমন অনাকাঙ্ক্ষিত বর্বরতা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে উল্লেখ করে বাঁধন বলেন , ‘ প্রবাসী ভাইয়েরা আমার সঙ্গে বর্বরতা করেছে এবং আমাকে খুবই জঘন্যভাবে আক্রমণ করেছে । এটার কারণে আমাদের দেশের নাম বিদেশের মাটিতে কিন্তু ক্ষুণ্নই হলো । বিদেশিরা ভাববে , আমরা হয়তো জাতিগতভাবে সারাক্ষণ মারামারি করি । ‘ দলকানা না হয়ে প্রবাসীদের এমন অন্যায়ের পথ থেকে ফিরে আসার আহ্বান জানান এই অভিনেত্রী ।