বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে থাকলেও সেই স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু হবে, তা নির্ধারণের দায়িত্ব সরকার কিংবা জনগণের নয়; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কেবল আদালতের।’
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নাগরিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার কাজ করছে, যা গত ১৭ বছরে হয়নি। কল্যাণমূলক রাষ্ট্র তৈরির কাজ শুরু হয়েছে। ক্রমান্বয়ে কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে সকল রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সবাই আন্তরিকভাবে ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে সচেতন হতে হবে। না হলে ভয়াবহ দিকে যাওয়ার ঝুঁকি আছে, সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। মূলত সবাই মিলেমিশে কাজ করা জরুরি। এর আগে আমরা দেখেছি, হাম-রুবেলা নিয়ে দেশে নানা রকম ঘটনা ঘটেছে। আমরা যদি কাউকে দোষারোপ করি তাহলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। আমরা কাউকে দোষারোপ না করে যে যার জায়গা থেকে দেশকে এগিয়ে নিতে মিলেমিশে কাজ করব।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।