টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক। বরং আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে। আর ন্যাশনাল ব্যাংকের এসব ঋণের গ্যারান্টার হবে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগেআগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা যাতে চাহিদামতো টাকা তুলতে পারেন সেই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এজন্য ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনাও দেয়া হয়েছে।
আজ (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ নিশ্চিত করার বিষয়ে এ নির্দেশনা দেয়া হয়। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকটির সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নেয়ায় ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে উদ্যোক্তা ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন গভর্নর।