সরকারের সচিব, অতিরিক্ত সচিবসহ ৩৫ জন সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ নিতে সিঙ্গাপুর পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১১ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুরের সিভিল সার্ভিস কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ-২ শাখা থেকে বুধবার (৪ নভেম্বর) জারি করা এক সরকারি আদেশে এ অনুমোদনের কথা জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ২৭তম ও ২৮তম পলিসি প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সের (পিপিএমসি) অংশ হিসেবে এ বিদেশি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে থাকবেন বিপিএটিসির রেক্টর (সচিব) সাঈদ মাহবুব খান। তাঁর সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির, মো. তানভীর হাসান রুমান ও মো. আমিনুল ইসলাম কোর্স ব্যবস্থাপনায় যুক্ত থাকবেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তালিকায় রয়েছেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. কামাল আতাহার হোসেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. রবিউল ইসলাম এনডিসি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আনোয়ার উদ্দিন।
এ ছাড়া বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী প্রশিক্ষণে অংশ নেবেন। তালিকায় আরও রয়েছেন, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুর রাজ্জাক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আধুনিকায়ন প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. ইমতিয়াজ মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুন নাহার এনডিসি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মজিবুর রহমান।
এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আবদুল মান্নান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নার্গিস খানম, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির এনডিসি, পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দিন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওমর মো. ইমরুল মহসিন প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছেন।
মনোনীত অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম আশরাফুল আলম, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হোমায়রা বেগম, বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হক।
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব মো. আলী রেজা সিদ্দিকী, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আল আমিন সরকার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফজলুর রহমান এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. নুরুজ্জামান এনডিসি রয়েছেন। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রূপম আনোয়ার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিলুফা আক্তার এবং জাতীয় গণযোগাযোগ ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব (গ্রেড-১) মুহাম্মদ হিরুজ্জামান এনডিসিও এ প্রশিক্ষণে অংশ নেবেন।
সরকারি আদেশে বলা হয়েছে, অংশগ্রহণকারীরা আগামী ১০ নভেম্বর অথবা এর কাছাকাছি সময়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন। প্রশিক্ষণ শেষে ২১ নভেম্বর অথবা এর কাছাকাছি সময়ে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
প্রশিক্ষণ ও যাতায়াতসহ পুরো সফরের সময়কে সরকারি দায়িত্ব পালনকাল হিসেবে গণ্য করা হবে। এ সময়ে কর্মকর্তারা বাংলাদেশি মুদ্রায় বেতন-ভাতা পাবেন। প্রশিক্ষণের যাবতীয় ব্যয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের অনুমোদিত বাজেট থেকে বহন করা হবে।
আদেশে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তা অনুমোদিত সময়ের বেশি বিদেশে অবস্থান করতে পারবেন না। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পাঁচ দিনের মধ্যে প্রত্যেক অংশগ্রহণকারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ-২ শাখায় ব্যক্তিগত প্রতিবেদন জমা দিতে হবে। এ ছাড়া প্রশিক্ষণ সফরে কোনো কর্মকর্তা পরিবারের সদস্য বা আত্মীয়স্বজনকে সঙ্গে নিতে পারবেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনতাশির হাসান স্বাক্ষরিত আদেশটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।