শিরোনামঃ
বাণিজ্য বাধা কমলে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন হাসনাত আবদুল্লাহর পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন আইনমন্ত্রী আওয়ামী লীগের তাণ্ডব রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড: সারোয়ার তুষার অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ৪ নির্দেশনা হজ নিবন্ধন শুরু, আবেদন করা যাবে যেভাবে টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে ডাক্তারদের কমিশন বছরে ১,৮৬১ কোটি টাকা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১২ বার
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা গ্রহণের পদ্ধতিতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেয়ার পর কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা নয়। আগামীতে প্রশ্ন মডারেশন থেকে শুরু করে পরীক্ষা গ্রহণের পুরো প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এরই মধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সময়ে মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে তিনি খুঁজে পাননি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই চিত্র দেখেছেন। সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম থেকে আসার কথা জানিয়ে হাত তুলেছিলেন।

এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে আহ্বান জানিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু এআইনির্ভর না হয়ে প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। দেশে অর্থবহ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ কারণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

তিনি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তাই নিজেদের সেভাবে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।


এ জাতীয় আরো খবর...