দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে দেশি-বিদেশি একটি মহল দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রতিবেশী দেশের মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে অতিরঞ্জিত ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। সোমবারের যুগান্তরে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকরা এই স্পর্শকাতর ইস্যুতে সরকারের বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার যে তাগিদ দিয়েছেন, তা অত্যন্ত সময়োপযোগী ও যৌক্তিক।
এ কথা অনস্বীকার্য যে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘সংখ্যালঘু নির্যাতন’ বা ‘হিন্দু নিধনের’ মতো কাল্পনিক বয়ান তৈরির অপচেষ্টা চলছে। এমনকি অতীতের দুঃশাসন কিংবা ব্যক্তিগত অপরাধের দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে গৃহীত আইনি বা রাজনৈতিক পদক্ষেপকেও সাম্প্রদায়িক হামলা হিসেবে চালিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ করা গেছে। অথচ বাস্তবতা হলো, বাংলাদেশের সংবিধান এবং এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ—উভয়ই সব ধর্মের নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে। সাম্প্রতিক সময়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনই প্রমাণ করে যে, এ দেশের সাধারণ মানুষ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।
তবে বিষয়টিকে নিছক ‘অপপ্রচার’ বলে হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ সরকারের নেই। নড়াইলের মতো বিচ্ছিন্ন ঘটনাগুলোর ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ অত্যন্ত যথার্থ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে বা অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তবে গুজব রটনাকারীরাই উৎসাহিত হয়। মনে রাখতে হবে, নাগরিকদের জানমালের নিরাপত্তার প্রশ্নে রাষ্ট্র কখনোই নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এবং প্রতিটি ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ বিচার হয়, তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান এই ‘তথ্য-সন্ত্রাস’ মোকাবিলায় সরকারকে এখনই কৌশলী ও জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করতে হবে। বিশিষ্টজনদের পরামর্শ অনুযায়ী, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে অবিলম্বে একটি তথ্যবহুল শ্বেতপত্র প্রকাশ করা জরুরি, যা বিশ্বব্যাপী প্রচার করা হবে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেবল গতানুগতিক বিবৃতি না দিয়ে উচ্চকণ্ঠে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি আন্তর্জাতিকভাবে সমাদৃত বিশিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া যেতে পারে। অভিযোগকারীদের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দাবি করার মাধ্যমেও তাদের মিথ্যাচারের মুখোশ উন্মোচন করা সম্ভব।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছে, মাঠপর্যায়ে তার দৃশ্যমান প্রতিফলন ঘটাতে হবে। অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তথ্যভিত্তিক জোরালো কূটনীতিই পারে সব ষড়যন্ত্র ও অপপ্রচারের উপযুক্ত জবাব দিতে। আমরা বিশ্বাস করি, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার মধ্য দিয়েই বাংলাদেশ বিশ্বদরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। সরকার বিশিষ্টজনদের পরামর্শ আমলে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।