আমরা কিছুই বুঝতে পারছি না। মেয়ের মা-বাবার কথাও বন্ধ হয়ে গেছে। তাঁরাও থরথর করে কাঁপছেন।
এরপর ডাক্তারের চোখ পড়লো আমাদের দিকে। তিনি প্রায় খেঁকিয়ে উঠলেন, আপনারা এখানে কেন? হু পারমিটস ইউ হিয়ার—
আমাদের বলা হলো না যে, তাঁর ডাকেই আমরা আইসিইউতে এসেছি।
হঠাৎ হয়তো তাঁর মনে পড়লো তিনি নিজেই আমাদের ডেকেছেন। একটু বিব্রতভাব ফুটে উঠলো তাঁর চেহারায়। তিনি নরম কণ্ঠে বললেন, আপনারা দয়া করে আমার চেম্বারে গিয়ে বসুন। আমি আসছি।
আরো প্রায় এক ঘণ্টা পর তিনি চেম্বারে এলেন। খুব বিধ্বস্ত দেখাচ্ছে তাঁকে, উস্কোখুস্কো চুল, ডাক্তারি গাউনের ভাঁজ নষ্ট হয়ে গেছে, তাতে ময়লা লেগে আছে, তাঁর চশমার একটি ডাট কোন কিছুর সাথে ধাক্কা লেগে বাঁকা হয়ে গেছে।
নিজের চেয়ারে তিনি কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। যেন কিছু বলতে চাইছেন, কিন্তু পারছেন না। আমরা নিস্তব্ধ হয়ে বসে আছি। শাহাজাহান সাহেবের মাথা নিচু হয়ে বুকের দিকে ঝুঁকে আছে। তাঁর স্ত্রীর সম্ভবত কিছু ভাবার ক্ষমতা নেই। তিনি ডাক্তারের দিকে নির্নিমেষ তাকিয়ে আছেন।
অনেকক্ষণ পর ডাক্তার আহসান বললেন, “সরি,আই অ্যাম সরি। অ্যান্টিবায়োটিকের মিক্সারটি কাজ করেনি। আপনাদের বাচ্চার শরীরে জমে থাকা ব্যাকটেরিয়া তা ঠেকিয়ে দিয়েছে। এতে ফল হয়েছে উল্টো। সে সেপটিক শপে চলে গেছে। আমরা তাকে লাইফ সাপোর্টে রেখেছি, কিন্তু তার ফিরে আসার সম্ভাবনা খুব কম।“
এবার আমার পাশে বসা রোগীর বাবা-মা হাহাকার করে উঠলেন।
আমি তাঁদের থামিয়ে জিজ্ঞেস করলাম, “ব্যাপারটা কি আরেকটু পরিষ্কার করা যায়? সেপটিক শক কী?”
“রোগীর যখন ব্লাড প্রেশার খুব কমে যায়, তখন এই শক দেখা দেয়। ইনফেকশনের রোগীদের এটা হয়। আর এ শকের কারণে ব্লাডের ফ্লো কমে যায়, যা একে একে সব অরগ্যানকে অকেজো করে দেয়। ইট শাটস ডাউন দা হোল বডি অ্যাট দা এন্ড।”
“এর কোনো চিকিৎসা নেই?” আমি জিজ্ঞেস করলাম।
” আছে। কিন্তু তাও অ্যান্টিবায়োটিক দিতে হয়। আমরা মেয়েটিকে তাৎক্ষণিক অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়েছিও। কিন্তু সমস্যা কী তা আপনারা জানেন, ওর শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করবে না।”
রোগীর বাবা-মা আবার আর্তচিৎকার করে উঠলেন। তার মা এবার প্রায় উড়ে গিয়ে ডাক্তার সাহেবের পায়ের কাছে পড়লেন, ‘স্যার, স্যার, আমার মেয়েটাকে বাঁচান। আমার একমাত্র মেয়ে। স্যার, ও স্যার—-
ডাক্তার সাহেব ছিটকে সরে দাঁড়ালেন, তারপর বিষণ্ণ চোখে বললেন, আমরা চেষ্টা করেছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত করবো, কিন্তু—- মে গড হেল্প আস–
তিনি কথা শেষ না করেই ঠোঁট চেপে মাথা নাড়তে লাগলেন। তারপর কেবিন থেকে বেরিয়ে গেলেন। তাঁর হাঁটায় ফুটে উঠেছে একজন পরাজিত মানুষের ভঙ্গি। ঠিক যেন যুদ্ধক্ষত্রে শত্রুর হাতে বন্দি কোন সৈনিক মাথা নিচু করে হেঁটে যাচ্ছেন, তাঁর কাঁধ থেকে ছিঁড়ে নেয়া হয়েছে সারা জীবনের অর্জন পিপসগুলো, বুক থেকে কেড়ে নেয়া হয়েছে মেডেল।
আমি তাঁর পেছন পেছন ছুটতে ছুটতে বললাম, “ইজ দেয়ার এনি হোপ।”
“না নেই, আমি বরং শুধু স্বান্তনার জন্য কয়েকদিন লাইফ সাপোর্টে রেখে তা খুলে ফেলার পরামর্শ দেবো। মেয়েটিকে কষ্ট দেয়ার কোনো মানে হয় না।”
বাইরে এসে দেখি, শাহাজাহান সাহেব আর তাঁর স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। আমি ইচ্ছে করে তাঁদের কাছে গেলাম না। এটা তাঁদের একান্তই নিজস্ব বেদনার সময়। তাই একা থাকতে দেয়াই ভালো।
কিছুক্ষণ পর ফোন বেজে উঠলো। দেখি ডাক্তার আহসান ফোন করেছেন। ভয় পেয়ে গেলাম, তাহলে কি চূড়ান্ত ব্যাপারটি ঘটে গেছে?
ভয়ে ভয়ে বললাম, “হ্যালো—-”
আমাকে কথা শেষ করতে না দিয়ে ডাক্তার সাহেব বললেন, “পেশেন্টের বাবাকে নিয়ে একটু আমার কাছে আসুন।প্লিজ বি হারি।”
আমি শাহাজাহান সাহেবকে নিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে
ডাক্তারের রুমে গেলাম। এরমধ্যে তিনি কিছুটা ধাতস্থ হয়েছেন।