শিরোনামঃ
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

আকাশলীনা – ০৩

বাদল সৈয়দ / ৯ বার
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

“তাহলে আপনারা দুজনে মিলে সিদ্ধান্ত নিন।”
“ভাই, আমার মেয়েটা বাঁচবে তো”, বলতে বলতে ভদ্রলোক আবার ফুঁপিয়ে উঠলেন।
আমি তাঁর হাতে চাপ দিয়ে বললাম, অবশ্যই ভাই, অবশ্যই। আপনারা খালি আল্লাহর কাছে চান, মা-বাবার হাত তুললে তিনি ফিরিয়ে দেন না।
কেবিনে এসে আমি ডাক্তারের সাথে কী কথা হয়েছে তা বিস্তারিত বললাম। এখন আর লুকানোর মানে হয় না। সিদ্ধান্ত নিতে হলে তাঁদের সব জানতে হবে। মেয়েটির মা হু হু করে কাঁদছেন, তাঁর চোখের জলে মেঝে ভিজে যাচ্ছে। আহা! একজন অসহায় মায়ের কান্না এমন কি মেঝের টাইলসে আঁকা হালকা ফুলগুলোকেও আবছা করে দিতে পারে!
শেষ পর্যন্ত আমরা তিনজন মিলেই সিদ্ধান্ত নিলাম যে, অ্যান্টিবায়োটিকের মিশ্রণ ব্যবহার করাই ভালো হবে। কারণ এমনিতেই তো মেয়েটির বাঁচার সম্ভাবনা খুব কম। তাই চান্সটা নেয়া উচিত।
তারপর আমরা আবার ডাক্তার আহসানের কাছে গিয়ে সিদ্ধান্ত জানিয়ে এলাম। তিনি বললেন, ঠিক আছে, আমি আজ রাতের মধ্যেই মেডিক্যাল বোর্ড বসাচ্ছি। দেখি উনারা কী বলেন?
রাত এগারোটায় সিদ্ধান্ত এলো এন্টিবায়োটিকের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। তবে তাঁর আগে রোগীর মা-বাবাকে এ চিকিৎসা পদ্ধতি এবং এর সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করা হবে। তাঁদের আনুষ্ঠানিক সম্মতি পাওয়া গেলেই কেবল এটি ট্রাই করা হবে।
রাতেই শাহজাহান সাহেব ও তাঁর স্ত্রীকে বোর্ডে ডাকা হলো। ভীতসন্ত্রস্ত চিন্তায় আকুল দম্পতি আমাকেও সাথে নিলেন। বারবার বলতে লাগলেন, “ভাই, আপনি সাথে থাকলে একটু ভরসা পাই।”
মেডিক্যাল বোর্ডের পক্ষে ডাক্তার আহসান পুরো ব্যাপারটি ব্যাখ্যা করলেন। তিনি বললেন, “রোগীর শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। শেষ চেষ্টা হিসেবে তাঁরা ‘কলিস্টিন’ নামের অতি আধুনিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করে দেখেছেন, কিন্তু কোনো ফল হয়নি। এখন যদি আপনারা রাজি হন তবে আমরা তিনটি অ্যান্টিবায়োটিকের একটি মিশ্রণ প্রয়োগ করে দেখবো কাজ হয় কি না? এতে থাকবে , ‘জেন্টামাইসিন,মেরোপেনাম এবং কলিস্টিন’ এর মিশ্রণ। তবে এতে ভালো ফল হতে পারে। খারাপও হতে পারে। রোগী কমায় চলে যেতে পারে এবং সেক্ষেত্রে ফিরে আসার চান্স খুব কম। তাই আপনারা চিন্তাভাবনা করে বলুন, আমরা এটা ব্যবহার করবো কি না?”
শাহাজাহান সাহেব এবং তাঁর স্ত্রী কান্নার জন্য কথা বলতে পারছেন না। পুরো রুমে ভেসে বেড়াচ্ছে তাঁদের চাপা কান্না। কিছুক্ষণ পর শাহাজাহান সাহেব তাঁর স্ত্রীর হাত ধরে প্রায় চিৎকার করে বললেন, “আল্লাহ সাক্ষী, আমি জীবনে কোনো অন্যায় করিনি, হারাম খাইনি, আমার স্ত্রী সারাজীবন পুরা রাত ইবাদত করে কাটান, তাঁকে আমি কখনো রাতে ঘুমাতে দেখি নাই। আমি জানি আমার মেয়েটা ভালো হয়ে যাবে, আপনারা চিকিৎসাটা করুন।“ বলতে বলতে তাঁরা আবার গুমড়ে উঠলেন।
সিদ্ধান্ত হলো, পরদিন বেলা তিনটায় নতুন ওষুধ ব্যবহার করা হবে। মেডিক্যাল বোর্ডের সব ডাক্তাররা থাকবেন, যদি কোনো ইমার্জেন্সি দেখা দেয় তা সামলানোর জন্য।
পরদিন খুব ভোরে হাসপাতালে হাজির হলাম। সেদিন অফিস থেকে ছুটি নিয়েছি। কেন জানি মেয়েটির জন্য খুব খারাপ লাগছে। একই বয়সী মেয়ে আমারও আছে। নিউইয়র্কের ‘জেরিকো’ স্কুলে পড়ে। ক্লাস নাইনে। তার মাও সেখানে থাকেন।
সকাল দশটায় মেয়েটির শরীরে ইন্টারভেনাস থেরাপির মাধ্যমে
তিনটি এন্টিবায়োটিকের মিশ্রণ প্রয়োগ করা হলো। আমাদের বলা হলো চব্বিশ ঘণ্টা পর অবস্থা বোঝা যাবে।
চব্বিশ নয়, জাস্ট দুঘণ্টা পর আমাদের আইসিইউ এর ভেতরে ডাকা হলো।
আমরা অবাক হয়ে দেখলাম মেয়েটি থরথর করে কাঁপছে। কাঁপার চোটে মেডিক্যাল বেডটি বারবার নড়ে উঠছে। তার গায়ে তিনচারটি কম্বল দেয়া, তারপরও কাঁপা থামছে না। চারপাশে ডাক্তাররা ছুটোছুটি করছেন। একজন নার্স দ্রুত একটি ইঞ্জেকশন দিলেন। তাতেও কাজ হলো না,পুরো বিছানাসহ মেয়েটি কাঁপছে।
হঠাৎ ডাক্তার আহসান প্রায় চিৎকার করে উঠলেন, ভেন্টিলেশন।কুইক। রোগীর সেপটিক শক হচ্ছে। শি নিডস ভেন্টিলেশন এন্ড নাও।
তাঁর চোখ রক্তবর্ণ। মনে হচ্ছে ফেটে রক্ত ছিটকে আসবে।


এ জাতীয় আরো খবর...