তাঁরা আমার কোনো আত্মীয় নন। একই অ্যাপার্টমেন্টে পাশাপাশি থাকি এতোটুকুই। হাই-হ্যালো ছাড়া তেমন কথাও হয় না।
কদিন আগে মাঝরাতে তীক্ষ্ণ শব্দে কলিং বেল বেজে উঠলো, একই সাথে দরজায় কে যেন দমাদম বাড়ি দিচ্ছে।
আমি ধড়মড় করে ঘুম থেকে উঠে প্রথম বুঝতে পারলাম না কী হচ্ছে? একবার মনে হলো বিল্ডিংয়ে এ আগুন লেগেছে। তাই অ্যালার্ম বেল বাজানো হয়েছে, আরেকবার মনে হলো, ভূমিকম্প নাকি?
মনে হচ্ছে পুরো ঘর কাঁপছে। একটু থিতু হওয়ার পর বুঝলাম শব্দটা কলিং বেলের, আর দমাদম শব্দ হচ্ছে দরজায়।
নিজেকে সামলে নিয়ে আমি বাইরের রুমে গিয়ে উঁচু কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে কে?
উত্তর এলো, “ভাই,আমি আপনার পাশের বাসার শাহাজাহান। দয়া করে দরোজা খুলেন। আমাদের খুব বিপদ।”
সাথে সাথে একজন মহিলাও আর্তকণ্ঠে চিৎকার করে উঠলেন, “ভাই দরোজা খুলেন, আমরা খুব বিপদে পড়েছি।”
আমি পিপহোলে চোখ রেখে দেখি, আসলেই শাহাজাহান সাহেব আর তাঁর স্ত্রী দাঁড়িয়ে আছেন।
নিশ্চিত হয়ে দরোজা খুললাম।
খোলামাত্র শাহাজাহান সাহেব আমার হাত জড়িয়ে ধরে বললেন, “ভাই, আমার মেয়েটাকে বাঁচান।” পাশে তাঁর স্ত্রী কাঁদছেন।
জিজ্ঞেস করলাম “কী হয়েছে ওর।”
“বুঝতে পারছি না ভাই, সন্ধ্যা থেকে বমি আর লুজ মোশন হচ্ছিলো। একটু আগে অজ্ঞান হয়ে গেছে। অনেকক্ষণ আমরা দুজন চেষ্টা করলাম, কিন্তু কোনো সাড়াশব্দ নেই। ভদ্রলোক ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগলেন, ওকে হাসপাতালে নেয়া দরকার। কিন্তু আমার ড্রাইভার কয়েকদিনের ছুটিতে গেছে।
তাই আপনার গাড়িতে যদি—”
তাঁর কথা শেষ হলো না, পাশে দাঁড়ানো ভদ্রমহিলা আমার আরেকহাত জড়িয়ে ধরে বললেন, “প্লিজ ভাই, প্লিজ।”
আমি তাঁদের হাত ছাড়িয়ে বললাম, “অবশ্যই নিয়ে যাবো।এটা কোনো সমস্যা না। আপনারা শান্ত হোন।”
এরপর আমরা তিনজন মিলে অজ্ঞান মেয়েটিকে ধরাধরি করে নিচে নামালাম। দারোয়ানদের ঘটনা বললাম। তাঁরাও তাড়াতাড়ি হাত লাগিয়ে মেয়েটিকে পেছনের সিটে শুইয়ে দিলেন। সাথে তার মাথা কোলে নিয়ে বসেছেন ওর মা।
নিজেই গাড়ি চালিয়ে বাড়ি থেকে সামান্য দূরে একটি হাসপাতালে পৌঁছালাম। এর মধ্যে মেয়েটির জ্ঞান ফিরে এসেছে, সে প্রচণ্ড পেট ব্যথায় কোঁকাচ্ছে।
তাঁকে দ্রুত ইমারজেন্সিতে নিয়ে যাওয়া হলো। সেখানে কয়েকজন তরুণ ডাক্তার মেয়েটিকে দেখলেন। প্রেসার মাপলেন, হার্টবিট, পালস দেখলেন। তারপর বললেন মনে হয়, ফুড পয়জন। তারপরও দেখি, একজন প্রফেসর স্যার আর্জেন্ট কলে এখন হাসপাতালে আছেন। তাঁকে পাওয়া যায় কি না? মেয়েটির বাবা তরুণ ডাক্তারের হাত ধরে ঝরঝর করে কেঁদে দিলেন “বাবা, একটু দেখেন না ওনাকে পাওয়া যায় কিনা?”
ডাক্তার সাহেবকে বেশ আন্তরিক মনে হলো। তিনি নিজেই দৌড়ে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর তাঁর পেছন পেছন প্রৌঢ় একজন ডাক্তার ঢুকলেন। ক্লান্তিতে তাঁর চেহারা বিধ্বস্ত, তারপরও ভারি চশমার ওপারে বুদ্ধিদীপ্ত চোখ জ্বলজ্বল করছে, তাতে ক্লান্তি স্পর্শ করেনি। লম্বা একহারা বেশ সুদর্শন ভদ্রলোক খুব যত্ন করে মেয়েটিকে দেখলেন। তারপর বললেন, ইয়েস, ফুড পয়জনই মনে হছে। ওকে অ্যাডমিট করাও। তারপর আই ভি দিয়ে স্যালাইন আর অ্যান্টিবায়োটিক দাও, বলতে বলতে তিনি দ্রুত প্রেসক্রিপশনে ওষুধের নাম লিখে দিলেন।।আমি শুধু একবার বললাম, ভর্তি করাতেই হবে?
“হ্যাঁ, শি ইজ সিরিয়াসলি ডিহাইড্রেটেড। ফ্লুয়িড দিতে হবে, এন্টিবায়োটিকসহ।