শিরোনামঃ
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ উপায় ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

বাড়ির পথে ভোটাররা, গণপরিবহন সংকট

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৮০ বার
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছাড়ছে লাখো মানুষ। ভোটাধিকার প্রয়োগের অদম্য ইচ্ছায় রেল, সড়ক ও নৌপথে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। স্টেশনে ট্রেনের ছাদ, লঞ্চের ডেক কিংবা বাসের কাউন্টার—সবখানেই যেন উৎসবের আমেজ। তবে যানবাহন কম থাকায় ভোগান্তির অভিযোগ তুলেছেন অনেকে।

রেলপথে উপচে পড়া ভিড়

কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের আসন ও করিডোর পূর্ণ হয়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে অনেককে ছাদে ভ্রমণ করতে দেখা গেছে। এই যাত্রায় শামিল হয়েছেন তরুণ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সব বয়সী ভোটার। যাত্রীদের অনেকেই বলছেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর তারা নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পাচ্ছেন, তাই এই সুযোগ হাতছাড়া করতে চান না।

ঠাকুরগাঁওগামী এক যাত্রী বলেন, “ভোট দেওয়ার জন্যই বাড়ি যাচ্ছি। অনেকদিন বাড়ি যাওয়া হচ্ছিল না, তাই ভোটের এই উপলক্ষ কাজে লাগাচ্ছি।”

লঞ্চে ভিড় ঠেলে বাড়ি ফেরা

সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বরিশাল, ভোলা, চাঁদপুরসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা পরিবার-পরিজন নিয়ে ভিড় ঠেলে লঞ্চে উঠছেন। যাত্রীদের কণ্ঠে ছিল সুষ্ঠু ভোটের প্রত্যাশা।

এক যাত্রী আক্ষেপ করে বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বিগত স্বৈরাচারের আমলে আমাদের ভোট দেওয়ার সুযোগ হয়নি। এবার ভোট হবে, তাই উৎসবমুখর পরিবেশে বাড়িতে যাচ্ছি।”

সড়কপথে ভাড়ার নৈরাজ্য ও ভোগান্তি

গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে। তবে যাত্রীদের অভিযোগ, এই সুযোগে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ থেকে তিনগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। টিকিট সংকট ও বাস না পাওয়ার অভিযোগও রয়েছে অনেকের। তবে বাড়তি ভাড়া আর পথের ভোগান্তি উপেক্ষা করেই বাড়ি ফিরছেন সাধারণ মানুষ।

যাত্রীরা বলছেন, বাস স্টেশনে গাড়ি থাকলেও তা তুলনামূলক কম। বাসে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। বিভিন্ন স্থানে সড়কের পাশে গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে। পায়ে হেঁটেও রওনা দিয়েছেন অনেকে।

তাদের প্রত্যাশা, যাত্রাপথ নির্বিঘ্ন হবে এবং তারা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


এ জাতীয় আরো খবর...