শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক / ০ বার
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারী। তাঁর পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী তাঁকে দেখতে যাওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দিয়েছেন।

রাজধানীর ধানমন্ডিতে আজ শনিবার শিল্পীর বাসভবনে শিল্পীকে দেখতে যান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তাঁরা শিল্পীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় ​সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে গুণী এই শিল্পীর জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানম।

নজরুলসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শিল্পী শবনম মুশতারীকে ১৯৯৭ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক দেওয়া হয়। ২০১৫ সালে তিনি নজরুল পুরস্কার লাভ করেন। তিনি কবি তালিম হোসেন এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর বড় মেয়ে।


এ জাতীয় আরো খবর...