ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় সংসদ ভবন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নবনির্বাচিত এমপি ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই এলাকায় ভিআইপি মুভমেন্ট ও প্রচুর লোকসমাগম হবে। তাই যানজট এড়াতে সাধারণ চালক ও নগরবাসীকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং লেক রোড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বন্ধ থাকবে যেসব সড়ক
অনুষ্ঠান চলাকালীন খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করা হবে।
বিকল্প যাতায়াতের নির্দেশনা
সাময়িক অসুবিধা কমাতে ট্রাফিক বিভাগ ‘ডাইভারশনের’ মাধ্যমে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে। নগরবাসীকে নিচের রুটগুলো ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে:
১. মিরপুর থেকে ফার্মগেট: মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট বা সোনারগাঁও হোটেল অভিমুখী যানবাহনগুলোকে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যেতে হবে।
২. ধানমন্ডি ২৭ থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ নম্বর থেকে আসা যানবাহন আসাদগেট হয়ে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটমুখী চলাচল করবে।
৩. আসাদগেট থেকে ফার্মগেট: আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং), প্রতিরক্ষা গ্যাপ ও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেটের দিকে যাবে।
৪. ফার্মগেট থেকে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুরবাগান ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও আসাদগেট হয়ে ধানমন্ডিতে প্রবেশ করবে।
৫. শর্তসাপেক্ষ রুট: মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্যারিকেড বা ব্লকেড সরিয়ে নেওয়া হলে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ও আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করতে পারবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য
যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করবেন, তাদের আজ ফার্মগেট এক্সিট র্যাম্প এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ডিএমপি। যানজট এড়াতে ফার্মগেটের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।