রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: একই পরিবারের ১০ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬৯ বার
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
Burn Hospital

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে কামারপাড়ার ১০ নম্বর সেক্টরের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের মোট ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন—রাইড শেয়ারিং চালক রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তিন বছরের শিশু কন্যা রোজা, সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই দুবাইপ্রবাসী এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা (১৯) এবং অন্য এক স্বজন রুবেল (৩৫)। তাদের সবার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামারপাড়ার ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডের মেম্বার বাড়ির পাশে আবুল কালামের মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলায় এই বিস্ফোরণ ঘটে। দুবাই থেকে দেশে ফিরে এনায়েত তার পরিবার নিয়ে রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। ভবনের চারতলার বাসিন্দা সাজেদ মাতব্বর জানান, ভোরে বিকট শব্দ শুনে নিচে নেমে তারা দেখেন দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে এবং ঘরের ভেতর থাকা ১০ জনই দগ্ধ হয়েছেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে সোনিয়া আক্তারের শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে, যার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এ ছাড়া এনায়েতের ৪৫ শতাংশ, রিয়া ও রুবেলের (৩০) ৩২ শতাংশ এবং শিশু জুনায়েদের ২৪ শতাংশসহ অন্যদের শরীর বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছে। গুরুতর দগ্ধদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে এবং বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলেও ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গিজার বা গ্যাসের লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে কোনো আগুনের সংস্পর্শে এই বিস্ফোরণ ঘটেছে।


এ জাতীয় আরো খবর...