মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানের প্রস্তুতি: তালিকায় ১৪০ শীর্ষ চাঁদাবাজ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৭ বার
প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬
DMP

রাজধানীতে চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দাগী আসামিদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে মাঠে নামছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপরাধীদের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি সম্পন্ন হয়েছে এবং এখন চলছে চূড়ান্ত যাচাই-বাছাই। যেকোনো মূল্যে এই অভিযান সফল করতে ‘আটঘাট বেঁধে’ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএমপির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, তালিকাভুক্ত অপরাধীদের মধ্যে শীর্ষ চাঁদাবাজের সংখ্যা ১৪০ জন। বিশেষ করে কারওয়ান বাজার, মোহাম্মদপুর, মিরপুর ও পল্লবী এলাকাকে চাঁদাবাজদের অন্যতম ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিএমপির মতিঝিল বিভাগের একজন কর্মকর্তা জানান, প্রতিটি থানা থেকে অপরাধীদের তালিকা যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের অপেক্ষায় রয়েছেন তারা। নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান শুরু হবে।

সম্প্রতি ডিএমপি সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই কঠোর অভিযানের নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং জনগণের মধ্যে স্বস্তি ফেরাতে তালিকাভুক্ত এসব অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজির বিষয়টিকে এবারের অভিযানে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

অভিযানের কৌশল সম্পর্কে ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে পুলিশকে ‘নির্মোহ ও নিরপেক্ষ’ থাকার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে রাজধানী ঢাকা থেকে এই অভিযান শুরু হলেও, পরবর্তীতে তা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। অভিযানে জনসাধারণের সহযোগিতা চেয়ে মন্ত্রী আরও বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যাতে জনগণ নির্ভয়ে ও স্বস্তিতে বসবাস করতে পারে।

বর্তমানে প্রতিটি থানার পুলিশ সদস্যরা নিজ নিজ এলাকার তালিকাভুক্ত অপরাধীদের ওপর নজরদারি বাড়িয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গ্রিন সিগন্যাল পেলেই শুরু হবে বিশেষ এই সাঁড়াশি অভিযান।


এ জাতীয় আরো খবর...