দীর্ঘ উত্তেজনার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। এক রাতের ব্যবধানে তেলের দাম ব্যারেলপ্রতি গড়ে ১৫-১৬ শতাংশ পর্যন্ত কমেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে একক দিনে সবচেয়ে বড় দরপতন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) সকালেই বিশ্ববাজারে তেলের নতুন দর কার্যকর হতে দেখা যায়:
মার্কিন অপরিশোধিত তেল (WTI): দাম ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৫৯ ডলারে নেমে এসেছে।
ব্রেন্ট অপরিশোধিত তেল: দাম ১৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২.৩৫ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজার উত্তপ্ত হয়ে উঠেছিল। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস জানিয়েছেন, ট্রাম্পের ‘গোটা সভ্যতা ধ্বংস’ করার হুমকির বিপরীতে এই যুদ্ধবিরতি বাজারকে বড় ধরনের অস্থিরতা থেকে রক্ষা করেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, দাম কমলেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ট্রাম্পের দুই সপ্তাহের এই আল্টিমেটাম শেষ হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করছে আগামীর বিশ্ব অর্থনীতি। বিশেষ করে ইরান যদি তাদের ১০ দফা দাবিতে অনড় থাকে এবং যুক্তরাষ্ট্র তা মানতে অস্বীকার করে, তবে তেলের বাজার আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে।