বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

ভারত থেকে মৈত্রী পাইপলাইনে দেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

নিজস্ব প্রতিবেদক / ৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসব জ্বালানি পৌঁছেছে। এটি পাইপলাইনের ৭২তম চালান।

গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় এ চালানের সরবরাহ শুরু হয়। সরবরাহ শেষ হয় ১৫ সেপ্টেম্বর। পার্বতীপুর রেল ডিপোর পরিচালন ব্যবস্থাপক মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৮ সালে করা দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু হওয়ার পর এ পর্যন্ত মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন উচ্চগতির ডিজেল পরিবহনের সক্ষমতা রয়েছে।

চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হলে এই পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়। এরপর এপ্রিল, মে ও জুলাইয়ে ভারত থেকে যথাক্রমে ২৫ হাজার, ৮ হাজার ও ৮ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ।

গত আগস্টে অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতেই সর্বশেষ এই চালান এসেছে।


এ জাতীয় আরো খবর...