শিরোনামঃ
শ্রমিক হত্যা ও অগ্নিনিরাপত্তায় গাফিলতি: অবহেলার সংস্কৃতি বন্ধ হোক বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু শুক্রবার দেশ ও সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর নৌমন্ত্রীর স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ আগামী পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নকাজের আইনি বাধা দূর হয়েছে: অ্যাটর্নি জেনারেল ৪৫তম বিসিএসে ১,৭০২ জনের নিয়োগ, গেজেট প্রকাশ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক / ৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জাতীয় সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও লুইস আই কানের নকশা অক্ষুণ্ন রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে সংসদ ভবন ও সংসদ এলাকার বিদ্যুতের চাহিদা নিরূপণ, সোলার প্যানেল স্থাপনের উপযুক্ত স্থান চিহ্নিতকরণ এবং প্রস্তাবিত পরিকল্পনার ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কমিটি।

আজ সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভায় সভাপতিত্ব করেন।

সভায় সংসদ ভবন ও সংসদ এলাকায় মোট বিদ্যুতের চাহিদা নিরূপণ, বিদ্যুতের ব্যবহার কমানো, সিস্টেম লস হ্রাস এবং সোলার প্যানেল স্থাপনের জন্য উপযুক্ত ফাঁকা জায়গার সম্ভাব্যতা যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে মানচিত্র প্রণয়ন এবং সেখানে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার থ্রিডি অ্যানিমেশন তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও লুইস আই কানের নকশার কোনো ধরনের ব্যত্যয় না ঘটানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা নির্ধারণের ওপর জোর দেওয়া হয়। এজন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করা হয়।

সোলার প্যানেল স্থাপনের সার্বিক সম্ভাব্যতা পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজ এ উপকমিটিতে রয়েছেন।

উপকমিটির কার্যক্রমে সংসদ সচিবালয়ের যুগ্মসচিব (এএস), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীরা সম্পৃক্ত থাকবেন।

এছাড়া অধিবেশনকালীন ছাড়া অন্যান্য সময়ে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখলে কী ধরনের সম্ভাব্য ক্ষতি হতে পারে, সে বিষয়ে একটি প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে উপকমিটির কাছে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, এমপি হোস্টেলের ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন সম্পন্ন হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে ওই প্রকল্পের বিষয়ে এ কমিটি কোনো দায়ভার গ্রহণ করবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কমিটির সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ অংশগ্রহণ করেন।

এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...