একবিংশ শতাব্দীর শুরুতে জলবায়ু পরিবর্তনকে আমরা কেবল ভবিষ্যতের একটি দূরবর্তী হুমকি হিসেবেই বিবেচনা করতাম। কিন্তু সময়ের নিষ্ঠুর বাস্তবতায় সেই ভবিষ্যৎ আজ বর্তমান হয়ে আমাদের দরজায় কড়া নাড়ছে। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে তীব্র তাপমাত্রার প্রভাবে বিশ্বের যে ছয়টি দেশ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে, বাংলাদেশ তার অন্যতম। এই তথ্য নিছক কোনো গাণিতিক পরিসংখ্যান নয়; বরং এটি আমাদের জনজীবন, অর্থনীতি ও টিকে থাকার লড়াইয়ের প্রতি এক ভয়াবহ সতর্কবার্তা।
বাংলাদেশের জলবায়ু ঝুঁকি বলতে এতদিন আমাদের চোখের সামনে ভেসে উঠত উপকূলের জলোচ্ছ্বাস, প্রলয়ংকরী ঘূর্ণিঝড় কিংবা নদীভাঙনের মতো দৃশ্যমান দুর্যোগ। কিন্তু ‘নেচার সাসটেইনেবিলিটি’ সাময়িকীতে প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। গবেষণাটি দেখাচ্ছে, এক নীরব অথচ সমান প্রাণঘাতী ঘাতক আমাদের চারপাশ থেকে ঘিরে ধরছে, যার নাম তীব্র তাপপ্রবাহ। বিজ্ঞানীদের হিসাব বলছে, পৃথিবীর গড় তাপমাত্রা শিল্পবিপ্লবের আগের তুলনায় দুই ডিগ্রি সেলসিয়াস বাড়লে চলতি শতাব্দীর মাঝামাঝি বিশ্বের প্রায় ৪১ শতাংশ মানুষ চরম তাপের কবলে পড়বে। ২০১০ সালে এই সংখ্যাটি ছিল মাত্র ২৩ শতাংশ। অর্থাৎ মাত্র চার দশকের ব্যবধানে প্রায় দ্বিগুণ মানুষ অসহনীয় গরমের জালে আটকা পড়বে।
আমাদের দেশের জন্য এই বিপদ আরও জটিল এবং বহুমাত্রিক। কারণ, দেশের সামগ্রিক গড় তাপমাত্রার হিসাব অনেক সময় স্থানীয় পর্যায়ের তীব্র ভোগান্তিকে আড়াল করে রাখে। বাস্তবতা হলো, বাংলাদেশের সিংহভাগ মানুষ এমন সব এলাকায় বসবাস করেন, যেখানে বছরে তিন হাজারেরও বেশি ‘কুলিং ডিগ্রি ডেইজ’ বা ঘর ঠান্ডা রাখার প্রয়োজনীয়তা দেখা দেয়। এটি দীর্ঘমেয়াদি ও বিপজ্জনক উষ্ণতারই স্পষ্ট লক্ষণ। এই তাপপ্রবাহ কেবল আবহাওয়ার কোনো সাময়িক পরিবর্তন নয়, বরং এটি জনস্বাস্থ্য ও কর্মক্ষমতার ওপর এক গভীর আঘাত। বয়স্ক নাগরিক, শিশু এবং খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষই এর প্রথম ও প্রধান শিকার। শহরের ঘিঞ্জি বস্তি কিংবা গ্রামের টিনের চালার নিচে বসবাসকারী যেসব মানুষের শীতাতপ নিয়ন্ত্রণ বা পর্যাপ্ত বাতাসের সুবিধা নেই, তাদের জন্য এই গরম হয়ে উঠবে এক জ্বলন্ত চুল্লির মতো।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই সংকটে এক চরম অবিচারও লুকিয়ে আছে। উষ্ণ অঞ্চলের উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে যখন ঘর ঠান্ডা রাখার চাহিদা আকাশচুম্বী হবে, তখন শীতপ্রধান ধনী দেশগুলোতে শীতের তীব্রতা কমে আসায় ঘর গরম রাখার খরচ উল্টো কমে যাবে। অর্থাৎ ঐতিহাসিকভাবে যারা সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে পৃথিবীকে উষ্ণ করেছে, তারা অনেকটা স্বস্তিতে থাকবে; আর যাদের দায় সামান্য, তারাই পুড়বে চরম তাপের দহনে। এই জায়গাতেই গবেষকরা ‘কুলিং ট্র্যাপ’ বা শীতলীকরণের ফাঁদ নিয়ে সতর্ক করেছেন। প্রচণ্ড গরমে এয়ার কন্ডিশনারের ব্যবহার বাড়বে, আর সেই বিদ্যুৎ জোগাতে জীবাশ্ম জ্বালানি পোড়ালে বাতাসে কার্বনের পরিমাণ আরও বাড়বে। ফলে পৃথিবী আরও উষ্ণ হবে। এই আত্মঘাতী দুষ্টচক্র ভাঙতে না পারলে তাপপ্রবাহ নিজেই নিজের জ্বালানি তৈরি করতে থাকবে।
আগামী দিনগুলোতে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে বছরের প্রায় পুরোটা সময়ই তীব্র গরম অনুভূত হতে পারে। গ্রীষ্মের দীর্ঘ খরতাপের পাশাপাশি বর্ষাকালেও ভ্যাপসা গরমের দাপট বাড়বে। রাজধানী ঢাকায় বছরে অন্তত দুটি বড় ধরনের তাপপ্রবাহ স্বাভাবিক নাগরিক জীবনকে পুরোপুরি স্থবির করে দেওয়ার আশঙ্কা রয়েছে। একদিকে প্রকৃতি ও জলবায়ু ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, অন্যদিকে দেশের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনও নানা অস্থিরতায় উত্তপ্ত। চারদিকের এই অসহনীয় পরিবেশ দেখে মনে প্রশ্ন জাগে, উত্তপ্ত পরিস্থিতি কি আমাদের পিছু ছাড়বে না কখনো?
তবে এই গভীর সংকটের মাঝেও আশার একটি ক্ষীণ আলো দেখিয়েছেন গবেষকরা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার যদি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখা যায়, তবে তীব্র তাপে বিপন্ন মানুষের সংখ্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। কিন্তু এই লক্ষ্য অর্জনের পেছনে বিশ্বনেতাদের সদিচ্ছার পাশাপাশি আমাদের নিজস্ব প্রস্তুতিও জরুরি। অপরিকল্পিত নগরায়ণ বন্ধ করা, জলাধার রক্ষা, সবুজায়ন এবং তাপ-সহনশীল আবাসন ব্যবস্থা গড়ে তোলা এখন আর কোনো শৌখিন ভাবনা নয়, বরং অস্তিত্ব রক্ষার অপরিহার্য শর্ত।
তীব্র তাপপ্রবাহ আমাদের সামনে এক নীরব অগ্নিপরীক্ষা নিয়ে হাজির হয়েছে। এই আগুনে হয়তো দৃশ্যমান কোনো ঘরবাড়ি পুড়বে না, কিন্তু ভেতর থেকে পুড়ে ছাই হবে আমাদের সমাজ ও অর্থনীতি। দালানকোঠা না ভাঙলেও ভেঙে পড়বে মানুষের শারীরিক ও মানসিক সহ্যশক্তি। সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমরা কি এই নীরব দুর্যোগের ভাষা বুঝতে শিখব, নাকি নিঃশব্দে দগ্ধ হওয়ার অপেক্ষায় থাকব—সেই সিদ্ধান্ত এখন আমাদেরই নিতে হবে।
এ জাতীয় আরো খবর...