শিরোনামঃ
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতারের পর কারাগারে শাড়ি পরানো থেকে রক্তাক্ত বিদায়: সোনিয়া গান্ধীর বইয়ে ইন্দিরার অজানা অধ্যায় নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: ডেপুটি স্পিকার জলবায়ু নীতিসহায়তায় বাংলাদেশকে ১০ কোটি ইউরো ঋণ দেবে এএফডি সমুদ্রসীমা জয়ের এক দশক পরও অন্ধকারে মৎস্য প্রশাসন: ৭০ শতাংশ জলসীমার তথ্যই নেই সরকারের হাতে খোলাবাজারের চড়া দাম এড়াতে নতুন কৌশল: স্পট মার্কেট ছেড়ে চুক্তিভিত্তিক এলএনজি আমদানিতে ফিরছে পেট্রোবাংলা হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম সরকার কি কোনো নিরাপত্তা দেবে, না পারলে জানিয়ে দিক: সংসদে নাহিদ ইসলাম নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক: সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক / ৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তিনি বলেছেন, এ ধরনের হামলা দিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নুসরাত তাবাসসুম বলেন, বাড়িতে আগুন দেওয়ার ঘটনাটি দেখতে পেট্রল বোমা হামলার মতো। ব্যক্তিগতভাবে তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী মনে করেন। তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্তের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তী সময়েও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

সংবাদ সম্মেলনে নুসরাত জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরেও আরও কয়েকটি হুমকিমূলক ফোন পেয়েছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

নুসরাতের ভাষ্য, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল, যা তাঁর কাছে হুমকি বলে মনে হয়েছে।

ঘটনার সময় সম্পর্কে তিনি বলেন, সিসিটিভির সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তাঁর কাছে এটি পেট্রল বোমা হামলা বলে মনে হয়েছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলেও উল্লেখ করেন তিনি।

নিজের বাড়িকে পরিত্যক্ত বলে প্রচারের প্রতিবাদ জানিয়ে নুসরাত বলেন, বাড়িটিতে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছিল। তাঁরা বাড়িটির দেখাশোনা করতেন এবং পরিবারের সদস্যের মতোই ছিলেন।

তিনি বলেন, ‘এই বাড়িতেই আমি বড় হয়েছি। আমার ছোট ভাই বড় হয়েছে। আমার বাবা-মা এই বাড়িতেই সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি। এটাই আমাদের বসতবাড়ি।’

নুসরাত আরও জানান, বাড়িতে গবাদিপশুর খামার ছিল। সেখানে আত্মীয়স্বজনের পাশাপাশি ওই পরিচর্যাকারী পরিবারও থাকত। আগুনে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি গবাদিপশু ও বেশ কিছু মুরগি মারা গেছে। তাঁর দাবি, ওই পরিবারের একটি শিশুও আহত হয়েছে।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হলেও তখন পর্যন্ত আলামত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব স্টেশন না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাড়ির বেশির ভাগ অংশ পুড়ে যায় বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত আলামত সংগ্রহ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে নুসরাত বলেন, ‘যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন, কারা এই ঘটনার পেছনে রয়েছে।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, সাধারণ মানুষের মতো সংসদ সদস্যদের জীবনও নিরাপদ নয়। দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

নুসরাত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে একজন সাধারণ চালক আহত হয়েছেন। একইভাবে তাঁর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি শিশু আহত হয়েছে বলে তিনি দাবি করেন। এসব ঘটনা দেশের জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্র কতটুকু দায়িত্ব নিতে পারে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে নুসরাত বলেন, ঘটনার আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পলাতক ব্যক্তিদের কাছ থেকে তিনি হুমকি পেয়েছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি উল্লাস প্রকাশ করছেন বলেও দাবি করেন তিনি। তবে এসব পোস্টের সঙ্গে হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের বিষয়।

স্থানীয় কারও সংশ্লিষ্টতা আছে কি না, এমন প্রশ্নে নুসরাত বলেন, তিনি তাঁর এলাকার মানুষকে সন্দেহ করছেন না। ব্যক্তিগতভাবে তাঁর ধারণা, এ ঘটনার পেছনে আওয়ামী লীগ রয়েছে।

এর আগে বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। আগুনে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগল মারা যাওয়ার তথ্য জানিয়েছে দ্য ডেইলি স্টার। ফায়ার সার্ভিস রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনের প্রকৃত কারণ এবং পেট্রল বোমা ব্যবহারের বিষয়টি পুলিশ তদন্ত করে নিশ্চিত করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো এ ঘটনায় কাউকে দায়ী করেনি।


এ জাতীয় আরো খবর...