সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারীর নিউজফিড ও নোটিফিকেশনে ভোট ও নির্বাচন-সংক্রান্ত বার্তা দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে কারও কারও মাঝে বিভ্রান্তি তৈরি হলেও এটি ফেসবুকের বৈশ্বিক ফিচারেরই একটি অংশ। তবে ব্যবহারকারীরা চাইলে খুব সহজেই এই নোটিফিকেশন নিয়ন্ত্রণ (চালু বা বন্ধ) করতে পারেন।
কেন এই নোটিফিকেশন? ফেসবুকের হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের ভোটার নিবন্ধন, ভোটের তারিখ এবং ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে তথ্য জানাতে এবং স্মরণ করিয়ে দিতেই মূলত এই নোটিফিকেশন পাঠানো হয়।
বন্ধ বা চালু করার উপায় ফেসবুক জানিয়েছে, নোটিফিকেশন সেটিংসের ‘ভোটিং রিমাইন্ডার’ অপশনে গিয়ে ব্যবহারকারীরা এটি নিয়ন্ত্রণ করতে পারবেন। ভোটিং রিমাইন্ডার বন্ধ করলে নির্বাচন-সংক্রান্ত কোনো নোটিফিকেশন আর আসবে না। তবে পরবর্তীতে চাইলে তা আবারও চালু করা যাবে।
ধাপসমূহ: ১. ফেসবুকের ডান পাশে ওপরের কোণে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। ২. ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করে ‘সেটিংস’-এ যান। ৩. বাম পাশের মেনু থেকে Notifications-এ ক্লিক করুন। ৪. নিচে স্ক্রল করে Voting Reminders অপশনটি নির্বাচন করুন। ৫. ড্রপডাউন মেনু থেকে On বা Off নির্বাচন করুন।
লোকাল ভোটিং অ্যালার্ট ও গোপনীয়তা যেসব অঞ্চলে প্রযোজ্য, সেখানে ‘Local Voting Alerts’ অপশনও চালু বা বন্ধ করা যাবে। এছাড়া ভোটিং রিমাইন্ডার অপশনের নিচে ব্যবহারকারীরা চাইলে ঠিকানা যুক্ত করতে পারেন, যাতে স্থানীয় ভোট সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। ফেসবুক নিশ্চিত করেছে যে, ঠিকানা দেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক এবং এটি অন্য কোনো ব্যবহারকারীর কাছে প্রদর্শিত হয় না।