পৃথক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাঁদের জামিন মঞ্জুর করেন। এর ফলে তাঁদের কারামুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সাবেক মেয়র আইভীকে পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এই পাঁচ মামলার মধ্যে চারটিই হত্যা মামলা, যা ফতুল্লা থানায় দায়ের করা হয়েছিল। মামলাগুলো হলো—বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে সদর মডেল থানায় দায়ের করা অপর একটি মামলায়ও তিনি জামিন পেয়েছেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোররাতে দেওভোগের নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন হত্যাযজ্ঞ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন কক্সবাজারের সাবেক আলোচিত এমপি আবদুর রহমান বদি। ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল র্যাব।
বদি নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় পরবর্তী নির্বাচনগুলোতে তাঁর পরিবর্তে তাঁর স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দিয়েছিল দল। দীর্ঘ কারাভোগের পর আজ উচ্চ আদালত থেকে তিনি জামিন পেলেন।