শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব পাস

নিজস্ব প্রতিবেদক / ১৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে গৃহীত হয়। এই প্রস্তাবের ফলে কংগ্রেসের অনুমতি না দিলে ট্রাম্পকে ইরান যুদ্ধ থেকে সেনা সরিয়ে নিতে হবে।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের বিরোধিতা জানাতে ডেমোক্র্যাটদের সঙ্গে চারজন রিপাবলিকান সদস্য যোগ দেওয়ায় এই প্রতীকী প্রস্তাবটি পাস হয়েছে। ভোটের মাধ্যমে প্রতিনিধি পরিষদ ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ গ্রহণ করলেও এর আইনি কার্যকারিতা কতটা হবে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে হোয়াইট হাউস এটির গুরুত্ব খারিজ করে দিয়ে বলেছে, এটি প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার একটি অসাংবিধানিক চেষ্টা।

তবুও প্রস্তাবটি পাস হওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা, কারণ এটি ইরান যুদ্ধের অবসান ঘটাতে হোয়াইট হাউসের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে। এরই মধ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়েছে এবং যুদ্ধবিরোধী জনমতও জোরালো হয়েছে। ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত ক্ষমতা সীমিত করার জন্য এটি ছিল প্রতিনিধি পরিষদের চতুর্থ প্রচেষ্টা। মে মাসে সিনেটেও একই রকম একটি প্রস্তাব উত্থাপিত হয়েছিল, তবে সেখানে এখনও পূর্ণাঙ্গ ভোট হয়নি। আলোচিত প্রস্তাবটি ছিল একটি ‘কনকারেন্ট রেজোলিউশন’, যা রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটেও পাস হলে আর প্রেসিডেন্টের সইয়ের প্রয়োজন হবে না, যদিও এই প্রস্তাবটি পরবর্তীতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এই ভোট ট্রাম্পের রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ বিভক্তিরও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। এর কয়েক দিন আগে কংগ্রেসের রক্ষণশীল সদস্যদের বিরোধিতার মুখে ট্রাম্প প্রশাসন তাদের রাজনৈতিক মিত্রদের জন্য প্রস্তাবিত ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি ওয়েপনাইজেশন’ তহবিল পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্য থমাস ম্যাসি, ব্রায়ান ফিটজপ্যাট্রিক, টম ব্যারেট ও ওয়ারেন ডেভিডসন ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়ে প্রস্তাবটি পাসে ভূমিকা রাখেন। পাশাপাশি মেইনের ডেমোক্র্যাট সদস্য জ্যারেড গোল্ডেনও প্রস্তাবটির পক্ষে ভোট দেন। মিশিগানের রিপাবলিকান সদস্য টম ব্যারেট বলেন, ‘যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের এবং এই ক্ষমতা রক্ষা করা আমাদের দায়িত্ব’।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস এই ভোটকে ট্রাম্পের অবৈধ ও ব্যয়বহুল ইরান যুদ্ধের বিরুদ্ধে উভয় দলের গুরুত্বপূর্ণ তিরস্কার এবং যুদ্ধের স্থায়ী অবসানের প্রথম পদক্ষেপ বলে বর্ণনা করেন। মিকস বলেন, ট্রাম্প যুদ্ধের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন, জ্বালানির দাম বাড়িয়েছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধান আরও কঠিন করে তুলেছেন।

অবশ্য এই ভোটের আগেই ট্রাম্প দাবি করেছেন যে যুদ্ধ অবসানের আলোচনা ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে এবং চলতি সপ্তাহান্তেই তা চূড়ান্ত হতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘তাত্ত্বিকভাবে তারা একটি চুক্তিপত্রে সই করার খুব কাছাকাছি রয়েছে। বাস্তবে তাদের সঙ্গে আমাদের সম্পর্কও বেশ ভালো হয়েছে’।

প্রসঙ্গত, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর পাল্টা হামলা চালায় ইরান। এরপর থেকে বৈশ্বিক নৌপরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। পরবর্তীতে এপ্রিলে ইরানের বন্দর ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে অবরোধ কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র এবং গত ৮ই এপ্রিল দুই পক্ষ একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়।


এ জাতীয় আরো খবর...