শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সৃজনশীল প্রশ্নে ভালো করার ৮টি কৌশল

বাদল সৈয়দ / ৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

গত পরশু পরীক্ষায় ভালো রেজাল্ট করার কৌশল নিয়ে লিখেছিলাম। এরপর অনেকে অনুরোধ করেছেন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে কীভাবে ভালো করা যায় তা নিয়ে আলাদাভাবে লিখতে।
আমি শিক্ষক নই- তারপরও কয়েকজন অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষাবোর্ডের কর্মকর্তার সাথে আলাপ করে এ ব্যাপারে লিখলাম।
১ ) সেরা উত্তর: সেরা নম্বর
সৃজনশীল পরীক্ষায় বিজ্ঞান ছাড়া সাধারণ বিষয়ে প্রতিটি প্রশ্নে একটি উদ্দীপক থাকে। যেটির ক্লুর সাথে পাঠ্যবই মিলিয়ে উত্তর লিখতে হয়। (বিজ্ঞানের বিষয়ে প্রশ্ন আলাদা- সেটা নিয়ে প্রয়োজনে আলাদা লিখব)
এক্ষেত্রে সেরা উত্তর দেওয়ার কৌশল হলো-
ক ) উদ্দীপকের ‘প্রয়োগ’ প্রশ্নের উত্তর পাঠ্যবই থেকে দিতে হবে। তাই বই মুখস্থ না করে ভালোভাবে বুঝতে হবে।
প্রয়োগ প্রশ্নের উত্তরে নিচের কাঠামো অনুসরণ করলে ভালো ফল হয়-
**উদ্দীপকে কী আছে তা উল্লেখ
**পাঠ্যবইয়ের তথ্য প্রদান
**দুটোর মধ্যে সম্পর্ক বর্ণনা।
খ ) উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর বিশ্লেষণধর্মী। পাঠ্যবই ও এর বাইরের উৎস, যেমন পত্রিকা, ইন্টারনেট থেকে সংগৃহীত তথ্যের সংমিশ্রণ ঘটিয়ে উত্তর দিতে হয়। বাইরের তথ্য যত চমৎকারভাবে আনা যাবে তত ফলাফল ভালো হবে।
উচ্চতর দক্ষতার প্রশ্নে চারটি অংশ রাখা ভালো –
** ভূমিকা ( প্রশ্নের বিষয়বস্তুর অবতারণা )
** বিশ্লেষণ
** যুক্তি
** মূল্যায়ন বা উপসংহার।
এ চারটি ভাগে ভাগ করলে উত্তর ভিন্নমাত্রা পাবে।
২ ) মুখস্থ বিদ্যা ভয়ংকরী
মনে রাখতে হবে উদ্দীপক ও প্রশ্ন অনেকটা ধাঁধার মতো। এতে ভালো নম্বর পেতে হলে তাৎক্ষণিক বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করতে হবে। তাই মুখস্থ না করে পাঠ্যবিষয় ভালোভাবে বোঝা জরুরি। নয়ত ভালো উত্তর দেওয়া সম্ভব হবে না।
৩ ) নম্বর লুকিয়ে আছে উদ্দীপকের পেটের ভেতর
উত্তর দেওয়ার সময় উদ্দীপকে বর্ণিত শব্দ ব্যবহার করা হলে পরীক্ষক বুঝবেন পরীক্ষার্থী প্রশ্নটি ধরতে পেরেছে। এটি গুরুত্বপূর্ণ বার্তা- যা পরীক্ষকের ইমপ্রেশন ভালো করে। যার ফলাফল হচ্ছে ভালো নম্বর।
৪ ) ট্রেনটিকে লাইনে রাখতে হবে
ট্রেন যেমন লাইনচ্যুত হলে দুর্ঘটনা ঘটে একই ভাবে সৃজনশীল পরীক্ষায় অপ্রয়োজনীয় লিখলে পরীক্ষায় দুর্ঘটনা ঘটে। রেজাল্ট ভালো হয় না। তাই বেশি না লিখে প্রাসঙ্গিক উত্তর দেওয়া জরুরি।
৫) কী- ওয়ার্ড: গোপন সূত্র
এটা শুধু সৃজনশীল প্রশ্ন নয়- সব পরীক্ষার জন্য প্রযোজ্য। আমাদের সময় স্কুলের স্যাররা সবসময় কিছু শব্দের কথা বলতেন- যেগুলো তাঁরা পরীক্ষার খাতায় দেখতে পছন্দ করেন। এখনকার শিক্ষকরাও এ শব্দগুলো পছন্দ করেন বলে জেনেছি।
এই কী ওয়ার্ডগুলো হচ্ছে-
বিশ্লেষণ
মূল্যায়ন
প্রভাব
ভূমিকা
ফলাফল
অবদান
অধিকাংশ ক্ষেত্রে এ শব্দগুলো দিয়ে নতুন প্যারা শুরু করা যায়। এছাড়া উত্তরের যেকোনো জায়গায় এগুলোর ব্যবহার আকর্ষণীয়। তাই এসব শব্দ উত্তর লেখার সময় ব্যবহার করা ভালো।
৬ ) টাইম ম্যানেজমেন্ট
সৃজনশীল পরীক্ষায় সাধারণ বিষয়ে প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে দশ। সাতটি প্রশ্নের উত্তর দিতে হয়। সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। এটি মাথায় রেখে উত্তর দেওয়ার সময় ঠিক করতে হবে। আমার মতে আদর্শ টাইম ম্যানেজমেন্ট হলো-
** জ্ঞানমূলক প্রশ্ন- ২ মিনিট
** অনুধাবনমূলক- ৩ মিনিট
** প্রয়োগ- ৬ মিনিট
** উচ্চতর দক্ষতা- ৮ মিনিট
এতে সাতটি প্রশ্নের উত্তর দিতে মোট ১৩৩ মিনিট ব্যয় হবে। বাকি ১৭ মিনিট রিভিশন দেওয়া যায়।
(বিজ্ঞানের প্রশ্নের কাঠামো আলাদা। তাই সেক্ষেত্রে আলাদা টাইম ম্যানেজমেন্ট হবে)
৭) বহুনির্বাচনী প্রশ্ন (MCQ type): নম্বরের গুপ্তধন
বহুনির্বাচনী প্রশ্নে MCQ type) প্রশ্নে টার্গেট থাকবে ৩০ এ ৩০ পাওয়া। এতে একদম ছাঁকা নম্বর। কাটার সুযোগ নেই।
এ অংশে ভালো করার জন্য দরকার-
**পাঠ্যবই খুব ভালোভাবে বুঝে পড়া।
** প্রস্তুতির সময় নিজে নিজে প্রশ্ন বানিয়ে উত্তর তৈরি করা।
আরেকটি সিক্রেট বলি-
এধরনের প্রশ্নের উত্তর একেবারেই জানা না থাকলে প্রথম ধাক্কায় যেটি ঠিক মনে হবে সেটি দাগালে ভালো। এতে অনেক সময় উত্তর ঠিক হয়। কারণ মস্তিষ্ক সাধারণত সঠিক সিগন্যাল দেয়। (এটি একেবারেই আমার ব্যক্তিগত মতামত। ঠিক নাও হতে পারে)
৮ ) পাখি সব করে রব, রাতি পোহাইল
শেষ কথা হলো-
ভালো রেজাল্ট করার মূল কৌশল মদনমোহন তর্কালঙ্কার তাঁর কবিতায় অনেক আগে দিয়ে গেছেন-
‘শীতল বাতাস বয়, জুড়ায় শরীর।
পাতায় পাতায় পড়ে নিশির শিশির।।
উঠ শিশু মুখ ধোও, পর নিজ বেশ
আপন পাঠেতে মন, করহ নিবেশ।।’
পরীক্ষায় ভালো করার সবচেয়ে সেরা কৌশল হলো-
পড়ো
পড়ো
পড়ো।
এর কোনো বিকল্প নেই।
আগামীতে যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবে তাদের প্রতি অগ্রিম অভিনন্দন।
পাদটীকা: আগেই বলেছি, আমি পেশাদার শিক্ষক নই। কয়েকজন বিশেষজ্ঞের মতামত নিয়ে লেখাটি লিখা হয়েছে। তারপরও ভিন্নমত থাকলে তা জানালে আমি সমৃদ্ধ হবো। তবে কিছু ভুলচুক থাকলেও রেজাল্ট ভালো করার কৌশলগুলো কিন্তু সার্বজনীন।
– আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...