বত্রিশ বছর চাকরির অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে অধস্তন কর্মীদের সঙ্গে কিছু আচরণ কখনোই করা উচিত নয়। এতে তাঁরা খুব কষ্ট পান। বসের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেন।
১. অন্যের সামনে অপমান
তাঁরা ভুল করতে পারেন। এর জন্য জবাব চাওয়া, সতর্ক করা, এগুলো অফিসের নিয়মিত ব্যাপার। কিন্তু তাই বলে অন্যের সামনে অপমান করা কোনোভাবেই উচিত নয়। এক্ষেত্রে তাঁকে একান্তে ডেকে যা বলার তা বলা উচিত।
প্রতিটি মানুষের সম্মান আছে, সেটা নষ্ট করার অধিকার কারও নেই।
২. অন্যের সঙ্গে তুলনা করে ছোট করা
এ কাজটি সিনিয়ররা প্রায় করেন। এটাও অনুচিত। তাঁর ত্রুটি থাকলে তা সংশোধন করতে অবশ্যই বলতে হবে। কিন্তু অন্যের তুলনা দিলে অধস্তন হীনমন্যতায় ভোগেন। তাঁর আত্মবিশ্বাস নষ্ট হয়। তাঁকে খাটো করা হয়।
একটি বিখ্যাত উক্তি আছে, তা হলো,
‘Comparison is the thief of joy.’
‘তুলনা আনন্দ কেড়ে নেয়।’
তুলনা সব ক্ষেত্রেই আনন্দ চুরি করে নিয়ে যায়—কর্মক্ষেত্রেও।
৩. কাজের ক্রেডিট হাইজ্যাক
আমি এটাকে সরাসরি ‘চুরি’ বলি।
অধস্তনের ভালো কাজ নিজের বলে চালানো শুধু তাঁকে বঞ্চিত করা নয়, একই সাথে বসের ছোটলোকির প্রকাশ।
একজন কর্মী অনেক কষ্ট করে একটি কাজ করার পর সেটার ক্রেডিট নিয়ে নেওয়া আর ছুরি ধরে টাকা ছিনতাইয়ের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না।
৪. প্রয়োজন না বোঝা
অধস্তনদের বিভিন্ন প্রয়োজন থাকতে পারে। ছুটির দরকার হতে পারে, বিশ্রাম দরকার হতে পারে, জরুরি প্রয়োজনে বদলির দরকার হতে পারে।
অনেক সিনিয়র এসব প্রয়োজন অনেক সময় বুঝতে চান না। তাঁরা শুধু কাজ চান। এটাও অন্যায়।
আমার এক মহিলা সহকর্মী একজন অবসরপ্রাপ্ত বসের কথা বলতে গিয়ে তীব্র রাগ ও ঘৃণা প্রকাশ করেন। কারণ সে বস তাঁর গর্ভকালীন অবস্থায় বিন্দুমাত্র সহানুভূতি দেখাননি। খুব অসুস্থ বোধ করলেও অফিসে থাকতে বাধ্য করতেন।
৫. ব্যক্তিগত কাজ করানো
আমি খুব বিস্ময়ের সাথে দেখি, অনেকেই নিম্নপদস্থ কর্মীদের দিয়ে ব্যক্তিগত কাজ করান। তাঁদের দিয়ে বাজার করান, ছেলেমেয়েদের স্কুলে পাঠান। গাড়িচালককে দিয়ে পরিবারের সবার ডিউটি করান। আমার মতে এটা অন্যায়। অধস্তন কর্মী মানে কারও ব্যক্তিগত চাকর নন। এসব কাজ করতে বলা মানে মানুষটাকে ছোট করা।
মহান আল্লাহ তাআলা যে মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন, তাঁকে ছোট করার অধিক কারো নেই।
৬. নিজের ভুল জুনিয়রের ওপর চাপানো
আরেকটি বদ কাজ। অনেক সিনিয়র নিজের ভুল জুনিয়রদের ওপর চাপিয়ে দেন। ফলে সমস্ত দোষের দায় পড়ে অধস্তনের ওপর।
আমার এক বস এ কাজটি আমার সাথে করেছিলেন। প্রায় তিন দশক কেটে গেছে, আমি তাঁকে ক্ষমা করতে পারিনি।
৭. নিজের মেজাজের শিকার করা
অনেকে আছেন, বাসায় ঝগড়াঝাটির কারণে মেজাজ খারাপ করে অফিসে আসেন। তারপর তা অধস্তনদের ওপর ঝাড়েন।
এটাও খুব অন্যায়। বসের গৃহদাহে জুনিয়র পুড়বেন কেন?
শেষ করি, নিজের অভিজ্ঞতা দিয়ে।
২০০৩ সাল। আমি তখন ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস হিসেবে চট্টগ্রামে কাজ করছি। ঢাকা থেকে হুমায়ুন কবির নামে এক কমিশনার চট্টগ্রামে বেড়াতে এলেন। আমার ওপর তাঁর প্রটোকলের দায়িত্ব পড়েছে।
যেদিন তিনি চলে যাবেন, ভদ্রতা করে বললাম, ‘স্যার, হোটেলের বিল আমি দিই?’
তিনি বললেন, ‘দিতে পার, যদি একটি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হয়। তা হলো, তুমি কি আমার চেয়ে বেশি বেতন পাও?’
আমি উত্তর দিলাম, ‘না, স্যার।’
‘তাহলে আমার চেয়ে কম বেতন পেয়ে হোটেল বিল তুমি কেন দেবে?’
সেদিন আমি শিখলাম, সিনিয়রের ব্যক্তিগত খরচের দায় কখনোই জুনিয়রের ওপর চাপানো উচিত নয়।
#আসুন মায়া ছড়াই