বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

খোমেনির মৃত্যুবার্ষিকীতে আমৃত্যু লড়াইয়ের অঙ্গীকার ইরানের সশস্ত্র বাহিনীর

নিজস্ব প্রতিবেদক / ৫ বার
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী এবং ঐতিহাসিক খোরদাদ ১৫ গণ-অভ্যুত্থান উপলক্ষে দেশটির সশস্ত্র বাহিনী একটি বিশেষ বিবৃতি প্রকাশ করেছে। এই বিবৃতিতে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইসলামি বিপ্লব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

বুধবার (৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে আল জাজিরার খবরে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আমবিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের দেওয়া ওই যৌথ বিবৃতিতে সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে যারা মানবাধিকারের মিথ্যা দাবি করে, তাদের প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। মিনাবের একটি বিদ্যালয়ে হামলায় ১৭০ জনের বেশি মানুষ নিহতের ঘটনাকে শত শত অপরাধের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সশস্ত্র বাহিনীর বিবৃতিতে আরও স্পষ্ট করে বলা হয় যে, ইরানি জাতি কোনো হুমকি বা আগ্রাসনের মুখে পিছু হটবে না এবং সশস্ত্র বাহিনী আমৃত্যু ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষা করে যাবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলে, শেষ পর্যন্ত ওয়াশিংটন ও তেল আবিবকে ইরানের সশস্ত্র বাহিনী ও সচেতন জাতির ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতেই হবে, এর বাইরে তাদের আর কোনো উপায় থাকবে না।

এছাড়াও, এই বিবৃতিতে সকল ইরানি নাগরিককে জাতীয় নেতৃত্বের ঐক্যের পেছনে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর ৩ জুন আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকী পালিত হয়, যা ১৯৬৩ সালের খোরদাদ ১৫ গণ-অভ্যুত্থানের স্মৃতির সঙ্গেও মিলে যায়। ইরানে এই ঘটনাটিকে ইসলামি বিপ্লবের অন্যতম ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।


এ জাতীয় আরো খবর...