তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হওয়ার মাত্র ৬৬ দিনের মাথায় অভিনেত্রী কোয়েল মল্লিকের পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ও সংসদ সদস্য রুদ্রনীল ঘোষ। তাঁর মতে, কোয়েল হয়তো এমন একটি পথে পা রেখেছিলেন, যা সম্পর্কে তাঁর বাস্তব ধারণা মেলেনি। তিনি রসিকতা ও বন্ধুত্বের সুরে মন্তব্য করে বলেন, “হতে পারে কোয়েল ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন।”
চলতি বছরের এপ্রিলে শপথ নেওয়ার পর গত শুক্রবার (১২ জুন) কোয়েলের আকস্মিক পদত্যাগ ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এই গুঞ্জনের মধ্যেই শনিবার (১৩ জুন) ‘আবার হাওয়া বদল’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে নিজের স্পষ্ট মতামত জানান রুদ্রনীল।
কোয়েল মল্লিকের স্বভাব ও ব্যক্তিত্বের প্রশংসা করে রুদ্রনীল ঘোষ বলেন, “কোয়েল অত্যন্ত ভদ্র ও সজ্জন একজন মানুষ। মানুষের জানা ও অজানার মাঝখানে অনেক সময় কিছু সিঁড়ি থাকে। হতে পারে তিনি কোনো ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন। পরে তাঁর মনে হয়েছে, এই সিঁড়ি তো তাঁকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে না, যেখানে যাওয়ার কথা তিনি ভেবেছিলেন।”
কোয়েলের এই আকস্মিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি আরও বলেন, “তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। নিজের বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছেন। আমার কাছে তিনি অত্যন্ত রুচিশীলা, গুণী এবং প্রিয় একজন মানুষ।”
নিজের নতুন সিনেমা ‘আবার হাওয়া বদল’ নিয়ে কথা বলতে গিয়ে অতীতের নানা রাজনৈতিক প্রতিবন্ধকতার প্রসঙ্গ তোলেন রুদ্রনীল। তিনি দাবি করেন, ছবিটি ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও তৎকালীন রাজনৈতিক অস্থিতিশীলতা ও প্রতিহিংসার কারণে তা সম্ভব হয়নি।
ক্ষোভ প্রকাশ করে রুদ্রনীল বলেন, “যারা ছবিটি মুক্তি পেতে দেয়নি, মানুষ এখন তাদের ভুলে গেছে। তারা নিজেরাই নিজেদের অবস্থান নিয়ে দ্বিধায় আছে। কিন্তু এর মধ্যেই ‘আবার হাওয়া বদল’ দর্শকদের সামনে এসেছে। মন খারাপের সময়েও এই সিনেমা মানুষের মুখে হাসি ফোটাবে বলে আমি বিশ্বাস করি।”
প্রিমিয়ার অনুষ্ঠানে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ সম্পর্কে রসিকতার সুরে তিনি বলেন, “কুণাল ঘোষ আমার কাছে সবসময়ই এক বিস্ময়ের নাম। তাঁর বক্তব্য নিয়ে অনেকেই আলোচনা করেন।” পাশাপাশি রাজ্যে চলমান ‘ডিম-রাজনীতি’ বা ডিম ছোড়ার সংস্কৃতির কড়া সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, “ডিমের ব্যবহার হওয়া উচিত অমলেট বা সেদ্ধ তৈরির জন্য। যেভাবে ডিম নষ্ট করা হচ্ছে, আমি তার বিরোধী। এ ধরনের অপচয় বন্ধ হওয়া উচিত।”
উল্লেখ্য, রাজ্যসভা থেকে পদত্যাগ নিয়ে নানা জল্পনা-কল্পনা ও রুদ্রনীলের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহল তোলপাড় হলেও, অভিনেত্রী কোয়েল মল্লিকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।