মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই এবার ইরানের ‘প্রপাগান্ডা মেশিন’ গুঁড়িয়ে দেওয়ার দাবি করল ইসরায়েল। মঙ্গলবার (৩ মার্চ) ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর সদর দপ্তরে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর আল জাজিরা’র।
হামলার পর আইডিএফ তাদের ফারসি ভাষার অফিসিয়াল ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে জানায়, এই অভিযানটি ছিল ইরানি প্রপাগান্ডা মেশিনের হৃৎপিণ্ডে আঘাত। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে কয়েক ডজন শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। আইডিএফ-এর দাবি, এই সম্প্রচার কেন্দ্রটি আইআরজিসি-র মিথ্যা প্রচার ও নিপীড়নের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
আইআরআইবি’র প্রধান পেম্যান জেবেলি এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে জানান, তেহরানে সদর দপ্তরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের বেশ কিছু অংশে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের প্রধান যোগাযোগ পরিকাঠামোর একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তবে হামলায় কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য মেলেনি।
উল্লেখ্য, গত বছরের জুনে ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময়ও এই স্থাপনাটি লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে এবারের হামলাটি আগের তুলনায় অনেক বেশি বিধ্বংসী বলে মনে করা হচ্ছে। আল জাজিরার সামরিক সূত্রগুলো জানিয়েছে, তেহরানের বেশ কয়েকটি সরকারি ভবনে হামলার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার এই বড় ক্ষতি ইরান সরকারকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার একটি কৌশল হতে পারে।
তেহরানের প্রাণকেন্দ্রে এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংঘাত যেন আরও ছড়িয়ে না পড়ে, সেজন্য উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।