শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

যে সাতটি কারণে পদোন্নতি আটকে যেতে পারে

বাদল সৈয়দ / ৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন সময় পদোন্নতি কমিটিতে কাজ করেছি। কখনও সদস্য হিসেবে, কখনও প্রধান হিসেবে। এ অভিজ্ঞতা থেকে সাতটি কারণ বললাম যেগুলো পদোন্নতিতে সমস্যা তৈরি করে।
১) দক্ষ কিন্তু আচরণে সমস্যা
অনেক কর্মী আছেন, যারা কাজে দক্ষ, কিন্তু আচরণ খারাপ। এ ধরনের কর্মীকে ম্যানেজমেন্ট প্রমোশন দিতে চায় না।উচ্চপদে ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। তা খারাপ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমান চাকরিতে আসার আগে আমি অল্প সময় একটি ব্যাংকে কাজ করেছিলাম। সেখানে একজন সহকর্মী ছিলেন। যে পদে যোগদান করেছিলেন, সে পদ থেকে আর প্রমোশন হয়নি। কারণ একটিই, তাঁর আচরণ। সত্যি বলতে কী, ভদ্রলোকের আচরণ আমার কাছেও অসহ্য মনে হয়েছিল।
২) অফিস পলিটিক্স
খুবই বাজে একটি বিষয়। এতে জড়িতরা সাময়িকভাবে হয়তো লাভবান হন, কিন্তু পরিণতি খুব খারাপ হয়। তাঁদের দল প্রভাব হারালে পায়ের নিচে মাটি সরে যায়। উপরে ওঠা তো দূরের কথা, নিচের দিকে তলিয়ে যান। এমনকি চাকরিও হারাতে পারেন।
৩) দায়িত্ব নিতে অনীহা
অনেকেই দায়িত্ব এড়িয়ে যান। অফিসের প্রয়োজনে একজন কর্মীকে অনেক দায়িত্ব নিতে হয়। এতে যাদের অনীহা, তাঁদের বড় দায়িত্ব দিতে ম্যানেজমেন্ট রাজি হয় না।
৪) সিদ্ধান্ত নিতে দ্বিধা
কেউ কেউ আছেন, সিদ্ধান্ত নিতে ভয় পান। এটা কর্তৃপক্ষের খুবই অপছন্দ। তাই দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে ক্যারিয়ারে লাল দাগ পড়ে।
আমরা চাকরিতে ঢোকার পর এক বস বলেছিলেন, ‘সিদ্ধান্ত নিতে দেরি করবে না। আমার টেবিল দেখো, আয়নার মতো পরিষ্কার। কোনো ফাইল আটকে নেই।’
তাঁর প্রমোশন হলো না। আমরা খুব অবাক! কেন এমন হলো? শুনলাম, তিনি কোনো ফাইলে সহজে সিদ্ধান্ত দেন না। সব ফাইল জমে থাকে সহকারীর টেবিলে। তাই তাঁর টেবিল থাকে আয়নার মতো পরিষ্কার। এ কারণে তিনি পদোন্নতির জন্য বিবেচিত হননি।
৫) ব্যক্তিগত পক্ষপাতিত্ব এবং আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থতা
আবেগ থাকা খুব দরকার। কিন্তু চাকরিতে ইমোশনাল হলে বিপদ। কারণ সেখানে ন্যায্য সিদ্ধান্ত নিতে হলে অনেক সময় আবেগ চাপা দিতে হয়। বিশেষ করে উঁচু পদ এই গুণ দাবি করে।
আবার যিনি ব্যক্তিগত পক্ষপাতিত্বে বিশ্বাসী, তাঁকেও উঁচু পদে বসানোর ব্যাপারে ম্যানেজমেন্ট আগ্রহী হন না। কারণ তাঁর পক্ষপাতিত্ব ক্ষতির কারণ হতে পারে।
সোজা কথায়, নির্মোহ পেশাদার আচরণই সেরা।
একবার একজনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার ফাইল আমার কাছে এলো। আমার পিএ বললেন, ‘উনি কিন্তু কমিশনার স্যারের খুব ঘনিষ্ঠ বন্ধু। ভেবেচিন্তে সিদ্ধান্ত দিয়েন, স্যার।’
কমিশনারের নাম ছিল আলী আহমদ। আমি তাঁকে ব্যাপারটি জানালাম। ভয়ে ছিলাম, খেপে যান কিনা।
ব্যাপারটি শুনে তিনি বললেন, ‘এক্ষেত্রে আমার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার দরকার হলে আমি তোমাকে তা-ই করতে বলতাম।’
৬) নতুন কিছু শিখতে অনীহা
দুনিয়া বদলাচ্ছে। সকাল-সন্ধে বদলাচ্ছে। সাথে বদলাচ্ছে অফিস চালানোর পদ্ধতি। এগুলোর সাথে খাপ খাওয়াতে না পারলে উঁচু পদে যাওয়া যাবে না, কারণ পুরোনো জ্ঞান দিয়ে ম্যানেজমেন্ট চলবে না। তাই যারা নতুন পদ্ধতি শিখছেন না, তাঁদের প্রমোশনের দরজা বন্ধ হয়ে যেতে পারে।
৭) কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে না পারা
সম্ভবত পদোন্নতির জন্য এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষ সাধারণত আস্থাভাজন কর্মীকেই প্রমোশনের জন্য বাছাই করেন। তাই দক্ষতা, বিশ্বস্ততা, সততা ও শৃঙ্খলা দিয়ে তাঁদের আস্থা অর্জন করা জরুরি। যার উপর আস্থা নেই, তিনি সোনার মানুষ হলেও প্রমোশনের ক্ষেত্রে বসরা তাঁকে লোহার মূল্যে বিবেচনা করেন।
তবে আস্থাভাজন মানে অন্ধ আনুগত্য নয়, যা অন্যায়ে সায় দেয়।
একটি কথা বলে শেষ করি, সমস্ত যোগ্যতা থাকার পরও কিছু ‘অঘোষিত’ কারণে কাউকে পদোন্নতি থেকে বঞ্চিত করা অন্যায়। সারাজীবন চেষ্টা করেছি, এ ভয়াবহ অন্যায় থেকে দূরে থাকতে। পেরেছি কিনা তা আমার সহকর্মীরা বলবেন, আমার বলা উচিত নয়।

#আসুন মায়া ছড়াই


এ জাতীয় আরো খবর...