শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

মরুভূমিতে ট্রাক বিকল হয়ে পিপাসায় ৪৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৬ বার
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬

নাইজারের সাহারা মরুভূমিতে একটি যাত্রীবাহী ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তীব্র তাপদাহ ও পানির অভাবে অন্তত ৪৯ জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির আগাডেজ গভর্নরেটের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, দুর্ভাগ্যকাক্রান্ত ওই ব্যক্তিরা মুসলমানদের একটি ধর্মীয় উৎসবে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাইজার ও আলজেরিয়ার মধ্যকার প্রধান সংযোগস্থল আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) পশ্চিমে, মালি সীমান্তের কাছাকাছি একটি অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে তাদের বহনকারী ট্রাকটি হঠাৎ বিকল হয়ে পড়ে। মরুভূমির চরম প্রতিকূল পরিবেশের মধ্যে একপর্যায়ে তাদের সাথে থাকা সমস্ত পানীয় জল শেষ হয়ে যায়।

আগাডেজ গভর্নরেট আরও জানায়, গাড়িটি নষ্ট হয়ে যাওয়ার পর ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা মিলে সেটি মেরামত করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু দীর্ঘ চেষ্টার পরও তারা গাড়িটি সচল করতে ব্যর্থ হন। ফলে কোনো লোকালয় বা যোগাযোগ মাধ্যম ছাড়া তীব্র গরম ও পানির সংকটে চরম জীবনঝুঁকির মধ্যে পড়েন তারা।

এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই মাত্র দুজন যাত্রী জীবন বাঁচাতে পায়ে হেঁটে মরুভূমির বুক চিরে প্রায় ৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেন। দীর্ঘ পথ চলার পর তারা একটি পানির উৎসের সন্ধান পান এবং পরবর্তীতে আসামাকায় পৌঁছে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। তবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৪৯ জন যাত্রী পিপাসায় কাতর হয়ে মারা যান। কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরুভূমিতেই গণকবরে দাফন করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...