ইরানের বুশেহর প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯’ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির সামরিক বাহিনী বলছে, মার্কিন সামরিক বাহিনীর ‘আকাশপথে আগ্রাসনের’ জবাব হিসেবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহবি এ তথ্য নিশ্চিত করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯’ রিপার ড্রোন শনাক্ত হওয়ার পর ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট সেটিকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ড্রোনটি ভূপাতিত হয়।
মোহবি দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের আকাশসীমায় ‘আগ্রাসনমূলক তৎপরতা’ চালানোর পরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া ড্রোনটি ইরানের আকাশসীমার ভেতরে ছিল নাকি আন্তর্জাতিক আকাশসীমায় পরিচালিত হচ্ছিল, সে বিষয়েও স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
‘এমকিউ-৯’ রিপার যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত একটি সশস্ত্র ও নজরদারি ড্রোন, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, দীর্ঘ সময় আকাশে টহল এবং নির্ভুল হামলা চালানোর সক্ষমতার জন্য পরিচিত।