অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সফলভাবে পালন শেষে আবারও নিজ আঙিনা অর্থাৎ সাংবাদিকতায় ফিরেছেন সদ্য সাবেক প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাঁরা দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের নতুন কর্মস্থলের কথা নিশ্চিত করেছেন। তাঁরা যুক্ত হয়েছেন শীঘ্রই বাজারে আসতে যাওয়া নতুন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’ (The Daily Waadaa)-তে।
সদ্য সাবেক প্রেস সচিব ও বিশিষ্ট সাংবাদিক শফিকুল আলম ‘দ্য ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগদান করেছেন। দীর্ঘ সময় বার্তা সংস্থা এএফপি-তে (AFP) কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন এই সংবাদকর্মী অন্তর্বর্তী সরকারের সময় অত্যন্ত দক্ষতার সাথে প্রেস উইং পরিচালনা করেছিলেন। নতুন যাত্রায় তিনি সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে এই নতুন দৈনিকের নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন আজাদ মজুমদার। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে সরকারি দায়িত্ব সমাপ্ত করার কথা জানিয়ে তিনি বলেন, “পুরো ক্যারিয়ারে আমি সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। নতুন এই উদ্যোগে পেশাদার সততা ও নীতি বজায় রেখে কাজ করার সুযোগ পাব।”
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ এই দুই সাংবাদিকের নেতৃত্বে ‘দ্য ডেইলি ওয়াদা’ দেশের গণমাধ্যম জগতে এক নতুন ধারার সূচনা করবে। আজাদ মজুমদার তাঁর সরকারি দায়িত্বকালীন অভিজ্ঞতাকে ‘অবিস্মরণীয় যাত্রা’ হিসেবে উল্লেখ করে এই নতুন অধ্যায়ে সবার সহযোগিতা চেয়েছেন।