বলিউডের অন্যতম সফল ও ধনী সুপারস্টার অক্ষয় কুমার নিজের কড়া পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে এক শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ হাজার কোটি টাকা ছুঁলেও, তাঁর পুত্র আরভ ভাটিয়ার এই বিশাল ঐশ্বর্য বা গ্ল্যামার জগতের প্রতি বিন্দুমাত্র মোহ নেই। মাত্র ১৫ বছর বয়সেই বিলাসবহুল জীবন ছেড়ে একেবারে সাধারণ ও স্বাধীন জীবনযাপন বেছে নিয়েছেন তিনি।
সিনেমায় নয়, ফ্যাশনেই আগ্রহ
অক্ষয় কুমারের প্রবল ইচ্ছা ছিল ছেলে একদিন তাঁর প্রযোজনা সংস্থার দায়িত্ব সামলাবে। কিন্তু আরভের ঝোঁক সম্পূর্ণ ভিন্ন দিকে। রূপালি পর্দার ঝলকানির চেয়ে ফ্যাশন জগতেই নিজের ক্যারিয়ার গড়তে বেশি আগ্রহী তিনি। গ্রামে গিয়ে ব্লক প্রিন্টিং বা অন্যান্য দেশীয় হস্তশিল্পের কাজ শিখতেও তাঁর প্রবল উৎসাহ রয়েছে।
লন্ডনে সাধারণ চাকরি ও সাদাসিধে জীবন
বর্তমানে লন্ডনে বসবাস করছেন আরভ। সেখানে নিজের পছন্দমতো একটি কাজও বেছে নিয়েছেন। ছেলের বিষয়ে কথা বলতে গিয়ে অক্ষয় কুমার জানান, “আমার ছেলে সিনেমায় একদমই আগ্রহী নয়। ও খুব সাধারণ একটা চাকরি করে, অল্প টাকা রোজগার করে। আমার মতে, এতে কোনও খারাপ কিছু নেই। ও ফ্যাশন নিয়ে নিজের মতো কিছু করতে চায়।”
অক্ষয় আরও জানান, ফ্যাশন নিয়ে পড়াশোনা করলেও দামি ব্র্যান্ডের পোশাকের প্রতি আরভের কোনো আলাদা টান নেই। বরং পুরোনো জিনিসের প্রতিই তাঁর বেশি আগ্রহ। পুরোনো জামাকাপড়ের দোকান থেকে পোশাক কিনে পরতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন আরভ।
স্বাবলম্বী ও সরল প্রকৃতির আরভ
বলিউড তারকার পুত্র হলেও আরভ নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন। রান্না করা থেকে শুরু করে নিজের জামাকাপড় ধোয়া—সব কিছুই একাই সামলান তিনি।
একাধিক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন, ছেলে হিসেবে আরভ অত্যন্ত সরল প্রকৃতির। অতিরিক্ত সারল্যের কারণে অনেক সময় মানুষ চিনতে ভুল করে ফেলে সে। ছেলের এই ভিন্নধর্মী ও স্বাধীন জীবনযাত্রা মেনে নিয়ে গর্বিত বাবা অক্ষয় তাকে শুধু একটি উপদেশই দিয়েছেন— “জীবনে যা-ই করো না কেন, কখনো কারও ক্ষতি কোরো না।”