কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক-এর স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এই গুরুত্বপূর্ণ পদে এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে যিনি দক্ষ, অভিজ্ঞ এবং স্বার্থের সংঘাতমুক্তভাবে দায়িত্ব পালন করতে সক্ষম।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত ‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা ও অভিজ্ঞতার পাশাপাশি গভর্নরের দায়িত্বের আওতাভুক্ত বিষয়গুলোতে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে কাজ করতে পারবেন—এমন ব্যক্তিকেই এই পদে নিয়োগ দেওয়া উচিত।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর-কে সরিয়ে মো. মোস্তাকুর রহমান-কে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ নিয়েই আপত্তি তুলেছে টিআইবি।