বলিউড অভিনেত্রীদের মা হওয়া মানেই কি ক্যারিয়ারের ইতি? একসময় এই ধারণাটি বিনোদন জগতে বেশ জেঁকে বসেছিল। কিন্তু কারিনা কাপুর খান সেই প্রথা আগেই ভেঙেছেন। এবার মাতৃত্বকালীন বিরতি শেষে কাজে ফেরার ক্ষেত্রে দীপিকা পাড়ুকোনের কঠোর ও সাহসী সিদ্ধান্তের পক্ষে নিজের স্পষ্ট অবস্থান জানালেন তিনি।
মেয়ে দুয়ার জন্মের পর নিজের পেশাদার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছেন দীপিকা পাড়ুকোন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন থেকে দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। এই অনড় সিদ্ধান্তের কারণে সন্দীপ রেড্ডী ভাঙ্গার ‘স্পিরিট’ এবং ব্লকবাস্টার ‘কল্কি’র সিক্যুয়েলের মতো বিশাল বাজেটের প্রজেক্ট থেকেও তিনি বাদ পড়েছেন। দীপিকা মনে করেন, বড় পর্দার দাপটের চেয়ে এই মুহূর্তে ছোট মেয়ে দুয়াকে সময় দেওয়াটা বেশি জরুরি।
দীপিকার এই সিদ্ধান্ত নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে নানা মত, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন দুই সন্তানের মা কারিনা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“শুরু থেকেই নিজের বক্তব্য পরিষ্কার রাখাটা খুব জরুরি। আমি কী চাইছি আর কী চাইছি না, সেটা নির্মাতাদের স্পষ্ট করে বলা উচিত। আমার বাড়িতেও এখন দুই সন্তান রয়েছে। আমি প্রথম থেকেই নির্মাতাদের বলে দিয়েছি আমি ঠিক কীভাবে কাজ করতে পারব।”
কারিনা আরও যোগ করেন যে, পরিবারের প্রতি দায়িত্ব সবার আগে। কতক্ষণ কাজ করা সম্ভব আর কতক্ষণ নয়—সেই সীমারেখাটা অভিনেত্রীদের নিজেদেরই টানা উচিত। এতে কোনো লুকোচুরি বা দ্বিধা থাকার জায়গা নেই।
উল্লেখ্য, মাতৃত্বের পর ক্যারিয়ার বিসর্জন না দিয়ে বরং নিজের শর্তে কাজ করার এই সংস্কৃতি বলিউডে এক নতুন বার্তা দিচ্ছে। দীপিকা তাঁর সিদ্ধান্তে অটল থেকে প্রমাণ করেছেন যে, বড় বাজেটের ছবির চেয়ে মাতৃত্বের মুহূর্তগুলো তাঁর কাছে বেশি মূল্যবান। আর কারিনার মতো সিনিয়র অভিনেত্রীর সমর্থন এই অবস্থানকে আরও শক্তিশালী করল।