ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এক ভয়াবহ ও বড় পরিসরের হামলা চালিয়েছে ইরান ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো। এই হামলায় ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোনের পাশাপাশি অন্তত ২০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১ এপ্রিল) চালানো এই নজিরবিহীন হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও সরাসরি আঘাত হানা হয়।
আইআরজিসি তাদের বিবৃতিতে দাবি করেছে, ইরান ও তাদের সহযোগী ‘প্রতিরোধ ফ্রন্টগুলোর’ এই সম্মিলিত হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে থাকা একটি মার্কিন হেলিকপ্টার ইউনিটও হামলার শিকার হয়েছে। এর মধ্যে কুয়েতের ঘাঁটিতে হামলায় একটি মার্কিন হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে তারা নিশ্চিত করেছে।
এই হামলার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের এই হামলা এখানেই শেষ নয়; বরং তা ‘পূর্ণ তীব্রতা ও শক্তি’ নিয়ে অব্যাহত থাকবে।