ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-এর এক প্রতিবেদনে এই ফোনালাপের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজকে ইরানের সঙ্গে ‘সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা’র সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। তবে এই ফোনালাপের বিস্তারিত বিষয়ে জানতে বার্তাসংস্থা আনাদোলু হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। এসব প্রস্তাবের মধ্যে প্রধানত রয়েছে:
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ।
ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ওপর সীমাবদ্ধতা।
গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।
তবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তেহরান জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে তাদের যোগাযোগ হলেও তা কেবল ছোটখাটো বার্তা আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
আনাদোলুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলোকে ইরান ‘অত্যন্ত বাড়াবাড়ি এবং অবাস্তবসম্মত’ বলে আখ্যায়িত করেছে। ফলে এই পরোক্ষ আলোচনা থেকে সহসাই কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা যাচ্ছে না।