নিজের নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার ঠেকাতে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। একাধিক দেশি-বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠান এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। অভিনেতার দাবি, তাঁর সম্মতি ছাড়াই তাঁর পরিচয় ব্যবহার করে রমরমা ব্যবসা চালানো হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন-এর প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কার্তিকের অনুমতি ছাড়াই তাঁর ছবি সংবলিত টি-শার্ট, মগসহ নানা ধরণের পণ্য বিক্রি করা হচ্ছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর অপব্যবহার। কার্তিকের অভিযোগ, তাঁর ‘ডিপফেক’ ভিডিও তৈরি করে বিভিন্ন বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও প্রচারের অধিকার লঙঘন করছে।
কার্তিকের আইনজীবী বীরেন্দ্র সারাফ আদালতে জানিয়েছেন, এই ধরণের অননুমোদিত বাণিজ্যিক কর্মকাণ্ড কার্তিকের পেশাদার ভাবমূর্তি নষ্ট করছে। মামলায় যা যা আবেদন করা হয়েছে:
স্থায়ী নিষেধাজ্ঞা: ভবিষ্যতে কোনো পক্ষ যেন তাঁর ছবি, ভিডিও বা কণ্ঠস্বর বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে।
শনাক্তকরণ: অনুমতি ছাড়া যারা এই ধরণের কাজ করছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া।
ডিপফেক নিয়ন্ত্রণ: এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া বিজ্ঞাপনগুলো অবিলম্বে সরিয়ে ফেলা।
গত ৯ এপ্রিল মুম্বাই হাইকোর্টে এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালত বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন বলে জানা গেছে।
এর আগে অমিতাভ বচ্চন এবং অনিল কাপুরের মতো তারকারাও তাঁদের কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব রক্ষায় একই ধরণের আইনি সুরক্ষা পেয়েছিলেন। কার্তিক আরিয়ানের এই মামলা বলিউড তারকাদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার পথে আরও এক ধাপ এগিয়ে দেবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।