বুক জ্বালা, টক ঢেকুর, বমিভাব কিংবা অল্প খেলেই পেট ভরা মনে হওয়া—অ্যাসিডিটির এই লক্ষণগুলো আমাদের অনেকেরই নিত্যসঙ্গী। অনিয়মিত খাদ্যাভ্যাস বা ভাজাপোড়া খাওয়ার কারণে এই সমস্যা প্রকট হয়। তবে হাতের নাগালে থাকা কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
দারুচিনি কেবল মশলা নয়, এটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। এটি হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড শোষণ করে নেয়। অ্যাসিডিটি হলে এক কাপ দারুচিনির চা পানে দ্রুত আরাম পাওয়া যায়।
জিরা অ্যাসিড প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এটি পাকস্থলীর ব্যথা কমাতে ও হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এক গ্লাস পানিতে সামান্য জিরার গুঁড়া মিশিয়ে অথবা সেদ্ধ করা জিরার পানি পান করলে উপকার পাওয়া যায়।
দুধে থাকা প্রচুর ক্যালসিয়াম পাকস্থলীতে অ্যাসিড তৈরিতে বাধা দেয়। বুক জ্বালা বা পেটে অস্বস্তি শুরু হলে এক গ্লাস চিনিহীন ঠান্ডা দুধ পান করুন; এটি মুহূর্তেই অ্যাসিড প্রশমিত করবে।
প্রাচীনকাল থেকেই পেটের সমস্যায় তুলসী পাতার ব্যবহার হয়ে আসছে। তুলসী পাতা থেঁতো করে মধুর সঙ্গে মিশিয়ে খেলে কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাসিডিটির ভাব কেটে যায়।
অনেকের কাছে অবাক মনে হলেও, এক গ্লাস হালকা গরম পানিতে দুই চা-চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে খালি পেটে পান করলে গ্যাসের সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে।
আনারসে থাকা এনজাইম খাদ্য হজমে দারুণ সহায়তা করে। ভারী খাবারের পর সামান্য আনারস খেলে হজম প্রক্রিয়া সহজ হয়।
শরীর থেকে টক্সিন বের করে দিতে এবং অ্যাসিডের মাত্রা কমাতে পানির বিকল্প নেই। তবে মনে রাখবেন, খাবারের ঠিক পরপরই পানি না খেয়ে অন্তত ৩০ মিনিট পর পান করা হজমের জন্য বেশি কার্যকর।
লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেই মূলত সুস্থ থাকা সম্ভব। ঘরোয়া এই উপায়গুলো মেনে চললে আপনি যেমন সতেজ অনুভব করবেন, তেমনি কমে আসবে ওষুধের ওপর নির্ভরশীলতা।